images

খেলা / ক্রিকেট

এক মাসের জন্য মাঠের বাইরে নিউজিল্যান্ড অধিনায়ক

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৪:৫৩ পিএম

নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার কাঁধের গুরুতর চোটে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। স্ক্যান রিপোর্টে তার বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়েছে, যা তাকে দীর্ঘ সময়ের জন্য বিশ্রাম ও পুনর্বাসনে যেতে বাধ্য করছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চলতি আইপিএল খেলতে গিয়ে এই চোট পান স্যান্টনার। গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় তিনি বাঁ কাঁধে আঘাত পান। ওই ম্যাচে বল হাতে চার ওভার করে ৪৪ রান দিয়ে একটি উইকেট নিলেও ব্যাট করতে নামতে পারেননি; তার পরিবর্তে নামেন শার্দুল ঠাকুর।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, শুক্রবার(১ মে) সকালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে এবং তিনি স্যান্টনারকে অন্তত এক মাস বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে এবারের আইপিএলে তার আর খেলা হচ্ছে না, এবং খুব শিগগিরই তিনি ভারত থেকে দেশে ফিরে যাবেন।

আরও পড়ুন
gghn

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন ফিফা সভাপতি

এই চোটের কারণে আন্তর্জাতিক সূচিতেও প্রভাব পড়েছে। নিউজিল্যান্ডের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জুনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না। তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে তার ফেরার সম্ভাবনা আছে কি না, তা পুনর্বাসনের অগ্রগতি দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারের অনুপস্থিতি নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

আরটিভি/এসকে