শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৫:৩৭ পিএম
ইউরোপের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। বলিউড তারকা অভিষেক বচ্চন সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত থাকায় টুর্নামেন্টটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সবচেয়ে বড় চমক এসেছে ফ্র্যাঞ্চাইজি মালিকানায়। নেদারল্যান্ডসভিত্তিক রটারডাম ডকার্স দলে বিনিয়োগ করেছেন দক্ষিণ আফ্রিকার তিন তারকা ফাফ ডু প্লেসি, হাইনরিখ ক্লাসেন এবং জন্টি রোডস। একই সঙ্গে দলটির অধিনায়কত্বও করবেন ডু প্লেসি।
এর আগে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও যুক্ত হয়েছেন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখরা। আমস্টারডাম দলের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ, আইরিশ ফ্র্যাঞ্চাইজিতে অংশীদার হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। স্কটল্যান্ডের এডিনবরা দলের মালিকানায় আছেন কাইল মিলস ও নাথান ম্যাককালাম।
এছাড়া গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, যিনি টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করবেন।
খেলোয়াড় তালিকাতেও রয়েছে তারকার ছড়াছড়ি। আমস্টারডাম দলে খেলবেন স্টিভেন স্মিথ, মিচেল মার্শ এবং নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
আগামী ২৬ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টের প্রথম আসর। গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম এই ছয় শহরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
নতুন এই লিগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডু প্লেসি। তার মতে, শুরু থেকেই যুক্ত হতে পারা দারুণ রোমাঞ্চকর এবং লিগটির ভবিষ্যৎ সম্ভাবনাময়।
বিশ্লেষকদের মতে, আইসিসি অনুমোদিত এই বহুজাতিক টি-টোয়েন্টি লিগ ইউরোপের ক্রিকেট বাজারকে নতুন গতি দিতে পারে। যদিও একই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলায় সূচি সংঘর্ষের শঙ্কা রয়েছে, তবুও তারকাদের অংশগ্রহণে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ইটিপিএল ঘিরে।
আরটিভি/এসকে