images

খেলা / ফুটবল

৬ পয়েন্টে এগিয়ে শিরোপার আরও কাছে আর্সেনাল, চাপে ম্যানসিটি 

রোববার, ০৩ মে ২০২৬ , ১০:৩১ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন এক রোমাঞ্চকর মহাকাব্যের রূপ নিয়েছে। মাত্র দশ দিন আগে যে ম্যানচেস্টার সিটিকে সবাই চ্যাম্পিয়ন ধরেই নিয়েছিল তারাই এখন আর্সেনালের দাপুটে প্রত্যাবর্তনে কোণঠাসা। গানারদের এই জয় প্রিমিয়ার লিগের ট্রফি ভাগ্যকে আবারও এক অনিশ্চিত ও নাটকীয় মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে।

শনিবার(২ মে) রাতে ফুলহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনাল কেবল ম্যাচই জেতেনি, বরং লিগ টেবিলের শীর্ষে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গিয়ে পেপ গার্দিওলার শিষ্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। 

আরও পড়ুন
2

কষ্টার্জিত জয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা 

ঘরের মাঠে ফুলহামের বিপক্ষে আর্সেনালের জয়টি ছিল মূলত প্রথমার্ধের এক ঝড়ো তাণ্ডব। চোট কাটিয়ে ছয় সপ্তাহ পর একাদশে ফিরে আসা বুকায়ো সাকা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দিয়েছেন তিনি কেন দলের প্রাণভ্রমরা। নবম মিনিটে সাকার নিখুঁত পাস থেকে গোল উৎসবের সূচনা করেন ভিক্তর ইয়োকারেশ। এরপর ৪০ মিনিটে সেই ইয়োকারেশের সহায়তায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সাকা নিজেই। প্রথমার্ধের শেষলগ্নে লিয়ান্দ্রো ত্রোসার্ডের ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় ও মৌসুমের ২১তম গোলটি পূর্ণ করেন ইয়োকারেশ।

এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ এখন ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্ট বেশি। যদিও সিটির হাতে দুটি ম্যাচ অতিরিক্ত রয়েছে, তবে সোমবার এভারটনের বিপক্ষে ম্যাচে কোনো ভুল করলে শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যেতে পারে তাদের জন্য। বর্তমানে গোল ব্যবধানেও আর্সেনাল ৪ গোলে এগিয়ে রয়েছে। যদি দুই দলই তাদের বাকি সব ম্যাচ জিতে নেয়, তবে এই গোল ব্যবধানই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেবে কার হাতে উঠছে এবারের শিরোপার।

আর্সেনালের সামনে এখন ওয়েস্টহ্যাম, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তিনটি তুলনামূলক সহজ ম্যাচ বাকি। অন্যদিকে সিটির সূচি বেশ চ্যালেঞ্জিং। 

আরটিভি/এআর