সোমবার, ০৪ মে ২০২৬ , ১২:৪৪ পিএম
উত্তাল সমুদ্রকে জয় করে নজির গড়ল ভারতের ঝাড়খণ্ডের রাঁচির ৭ বছর বয়সী বালক ঈশাঙ্ক। শ্রীলঙ্কা থেকে ভারতের মধ্যে থাকা ভয়ংকর ও ঢেউ-বিক্ষুব্ধ সমুদ্রপথ পেরিয়ে সে সাঁতরে পৌঁছে গিয়েছে ভারতীয় ভূখণ্ডে, গড়েছে নতুন বিশ্বরেকর্ড।
সমুদ্রপথটি মূলত পক প্রণালী যা পক প্রণালী নামে পরিচিত। এই জলপথ শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে অবস্থিত এবং তীব্র স্রোত ও অস্থির আবহাওয়ার জন্য কুখ্যাত।
রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার তালাইমান্নার উপকূল থেকে সাঁতার শুরু করে ঈশাঙ্ক প্রায় ৯ ঘণ্টা ৫০ মিনিট ধরে টানা সাঁতার কেটে ভারতের দিকে অগ্রসর হয়। দীর্ঘ এই লড়াই শেষে সে ভারতের ধনুষ্কোটিতে উপকূলে পৌঁছে জল থেকে উঠে আসে।
প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ সে ১০ ঘণ্টারও কম সময়ে অতিক্রম করে, যা এত কম বয়সে এর আগে কেউ করতে পারেনি। ফলে এটিকে একটি নতুন বিশ্বরেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পরিবার ও কোচের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নিচ্ছিল ঈশাঙ্ক। প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা অনুশীলনের মাধ্যমে সে নিজেকে প্রস্তুত করেছিল এই চ্যালেঞ্জের জন্য।
ঝাড়খণ্ডের রাঁচির এই বিস্ময় বালকের এই অর্জনকে ক্রীড়াজগতের একটি অনন্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্য ভবিষ্যতে আরও তরুণ সাঁতারুকে আন্তর্জাতিক পর্যায়ে অনুপ্রাণিত করবে।
আরটিভি/এসকে