images

খেলা / ক্রিকেট

বিসিবির ‘টয়লেটে’ দুর্নীতির খোঁজ পেলেন তামিম

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৩:৫২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার ক্লিনিং সার্ভিস ব্যবস্থাপনায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন তিনি। 

সোমবার (৪মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল জানান, বিসিবির স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক নিয়ে অসঙ্গতি দেখতে পান। তার ভাষায়, ক্লিনিং সার্ভিসের মাধ্যমে কর্মীদের জনপ্রতি ৬৫০ টাকা করে দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা ৩০০ টাকা পর্যন্ত পাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তামিম ইকবাল বলেন, আমি যখন জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা দিলে তারা ৩০০ টাকা কেন পাচ্ছে, তখন বিষয়টি আমাকে অবাক করেছে। যারা দিন শেষে অল্প আয়ে কাজ করেন, তাদের কাছ থেকেও এভাবে টাকা কেটে নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, ২০০৭ সালে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম চালু হওয়ার পর থেকে এর ওয়াশরুম বা বাথরুম ব্যবস্থায় বড় কোনো সংস্কার হয়নি বলেও তিনি লক্ষ্য করেছেন।

পরিদর্শনের সময় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর বক্তব্যের কথাও উল্লেখ করেন তামিম। ওই কর্মী জানান, তারা প্রতিদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক পান এবং এ বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন।

এ ছাড়া বিদেশি দর্শনার্থীর কাছ থেকেও ওয়াশরুমের অবস্থা নিয়ে অভিযোগ পাওয়ার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, বিষয়টি তাকে বিব্রত করেছে এবং দ্রুত উন্নতির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন
IPL

গার্লফ্রেন্ড কালচার রুখতে কঠোর হচ্ছে বিসিসিআই

এদিকে ক্লিনিং সার্ভিস ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তামিম ইকবাল। তিনি জানান, ভবিষ্যতে ঠিকভাবে পারিশ্রমিক পরিশোধ না করলে চুক্তি বাতিল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার পদক্ষেপ নেওয়া হবে।

বিসিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি তদন্ত ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসকে