মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ০৯:৫৫ এএম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
ফাইনালে নবাগত হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখে হারিয়ে শিরোপা জেতে পেশোয়ার জালমি। ওই ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রানা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তার শিকারদের মধ্যে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, যাকে তিনি গোল্ডেন ডাক করান। এছাড়া আউট করেন হুনাইন শাহকেও।
তার বিধ্বংসী বোলিংয়ের স্বীকৃতি হিসেবে তিনি পান ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার।
চুক্তি অনুযায়ী নিউজিল্যান্ড সিরিজের পর তার ফেরার কথা থাকলেও ফাইনালের আগে তাকে আবার দলে ভেড়ায় পেশোয়ার জালমি। সুযোগের যথাযথ ব্যবহার করে দলকে শিরোপা জয়ে বড় অবদান রাখেন এই তরুণ পেসার।
সব মিলিয়ে এবারের পিএসএলে মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট শিকার করে নজর কাড়েন নাহিদ রানা।
আরটিভি/এসকে