images

খেলা / ক্রিকেট

জাতীয় দলে খেলেই বছরে আয় ৪৯ কোটি টাকা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ০৪:০৭ পিএম

বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দাপট বাড়তে থাকায় জাতীয় দলের সঙ্গে খেলোয়াড় ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিভিন্ন ক্রিকেট বোর্ড। সেই প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ তারকাদের জাতীয় দলে ধরে রাখতে বড় অঙ্কের নতুন আর্থিক প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টেস্ট অধিনায়ক পেট কামিন্সকে ২০২৯ সাল পর্যন্ত নতুন কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে তার বার্ষিক আয় দাঁড়াতে পারে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ কোটি টাকা। এর ফলে তার বর্তমান আয় থেকে প্রায় ১ মিলিয়ন ডলার বৃদ্ধি পেতে পারে।

নতুন চুক্তিতে শুধু রিটেইনারই নয়, ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাসও অন্তর্ভুক্ত থাকবে। সব মিলিয়ে আগামী তিন বছরে কামিন্সের আয় ১২ মিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একইভাবে দীর্ঘমেয়াদি চুক্তির আলোচনা চলছে দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ট্রাভিস হেড এর সঙ্গেও। গত বছর তাকে জাতীয় দল ছেড়ে পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাওয়ার জন্য ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

এছাড়া টেস্ট ব্যাটার লাবুচানে এবং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকেও নতুন কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার পরিকল্পনা করছে বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, শীর্ষ খেলোয়াড়দের ধরে রাখতে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করতে আর্থিক নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ টি–টোয়েন্টি লিগগুলোর উচ্চ পারিশ্রমিকের কারণে অনেক খেলোয়াড় জাতীয় দল থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বর্তমান কাঠামো অনুযায়ী অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটারদের গড় বার্ষিক কেন্দ্রীয় চুক্তির মূল্য ১ মিলিয়ন ডলারের কিছু বেশি। তবে নতুন পরিকল্পনায় শীর্ষ খেলোয়াড়দের জন্য এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধান জেমস অলসোপ জানিয়েছেন, শীর্ষ ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক বেতন কাঠামো তৈরি করাই এখন তাদের অগ্রাধিকার, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়রা নিয়মিতভাবে অংশ নিতে আগ্রহী থাকে।

আরও পড়ুন
bd-vs-aust

বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

সব মিলিয়ে, বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের প্রভাব বাড়লেও জাতীয় দলের তারকাদের ধরে রাখতে অস্ট্রেলিয়ার এই আর্থিক কৌশল নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরটিভি/এসকে