শনিবার, ০৯ মে ২০২৬ , ০৪:১৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা ‘রিল সংস্কৃতি’ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই। শুধু ক্রিকেটাররাই নন, তাদের পরিবারের সদস্য, সম্প্রচারকর্মী, এমনকি আইপিএল ফ্র্যাঞ্চাইজির আশপাশে কাজ করা কনটেন্ট নির্মাতাদের ওপরও বাড়ানো হয়েছে নজরদারি। এখন থেকে মাঠ কিংবা দলীয় পরিবেশে ইচ্ছেমতো ভিডিও বা রিল তৈরি করা যাবে না।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলগুলোর আশপাশে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন বোর্ড। বিসিসিআই মনে করছে, পর্দার আড়ালের ভিডিও, রিল বা অনানুষ্ঠানিক কনটেন্টের মাধ্যমে অসাবধানতাবশত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
এরই মধ্যে চলতি মৌসুমে সম্প্রচার-সংশ্লিষ্ট কয়েকজন সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারকে ম্যাচ চলাকালে ডাগআউটের কাছে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়। পরে দ্রুত হস্তক্ষেপ করে তাকে রেকর্ডিং বন্ধ করতে বলা হয়।
এছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ধারণ করা আরেক সাবেক ক্রিকেটারের বিরুদ্ধেও আইনি নোটিশ দেওয়ার কথা বিবেচনা করছে বোর্ড। বিসিসিআই স্পষ্টভাবে জানিয়েছে, আইপিএল বা বোর্ডের অফিসিয়াল পোশাক পরে মাঠ বা দলীয় এলাকায় কোনো ধরনের ব্যক্তিগত ভিডিও ধারণ করা যাবে না।
শুধু ক্রিকেটার বা ধারাভাষ্যকারই নন, খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও টুর্নামেন্ট চলাকালে ছবি ও ভিডিও পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সতর্ক করা হয়েছে, যাতে তারা কনটেন্ট নির্মাতাদের দলীয় পরিবেশে অবাধ প্রবেশাধিকার না দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এরই মধ্যে এক ভারতীয় ক্রিকেটারকে দলের সফর ও চলাচলসংক্রান্ত পোস্ট কমাতে নির্দেশ দিয়েছে বোর্ড। এর আগে এক ভারতীয় পেসারকেও সতর্ক করা হয়েছিল, কারণ তার স্ত্রীর তৈরি ভারতীয় দলের আবাসন সুবিধা নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছিল।
বিসিসিআইয়ের এই নতুন পদক্ষেপকে আইপিএলের ভেতরের তথ্য ও দলীয় গোপনীয়তা রক্ষার উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এসকে