images

খেলা / ফুটবল

বিশ্বকাপে খেলতে যে ১০ শর্ত দিলো ইরান

শনিবার, ০৯ মে ২০২৬ , ০৬:১৮ পিএম

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করেছে ইরান। শনিবার দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা টুর্নামেন্টে খেলবে। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কাছে ১০টি শর্ত উপস্থাপন করেছে তেহরান।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, আমরা বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো, তবে আয়োজকদের আমাদের উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে এবং আমাদের বিশ্বাস ও সংস্কৃতির প্রতি সম্মান নিশ্চিত করতে হবে।

ফেডারেশন প্রধান মাহদি তাজ রাষ্ট্রীয় টিভিকে জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে সব খেলোয়াড় ও স্টাফের জন্য ভিসা নিশ্চিত করা, জাতীয় পতাকা ও সঙ্গীতের প্রতি পূর্ণ সম্মান দেখানো এবং দলের যাতায়াতের সময় বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়া ইরানের দাবি, দলের কোনো সদস্যকে রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতার কারণে বাধার মুখে পড়তে দেওয়া যাবে না। বিশেষ করে যারা অতীতে সামরিক দায়িত্বে ছিলেন, তাদের ক্ষেত্রেও নির্বিঘ্নে ভিসা দিতে হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের জাতীয় দলকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকাভুক্ত আইআরজিসি সংশ্লিষ্ট কোনো প্রতিনিধিকে টুর্নামেন্টে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন
pakistan

ঢাকা টেস্টে পাকিস্তানের একাদশে ভারতের ১১ খেলোয়াড়ের নাম

এদিকে জানা গেছে, গ্রুপ ‘জি’তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসকে