শনিবার, ০৯ মে ২০২৬ , ০৭:৪৯ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরীর সঙ্গে কথিত আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বড় ধরনের বিতর্কের মুখে পড়েছেন ইংলিশ ক্লাব ইংলিশ ক্লাব বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার অ্যালেক্স জিমেনেজ। অভিযোগের পরপরই তাকে ক্লাবের মূল দলের স্কোয়াড থেকে সাময়িকভাবে বাইরে রাখা হয়েছে।
শনিবার (৯ মে) প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে জিমেনেজকে দলে রাখা হয়নি। এ বিষয়ে ক্লাব এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলো সম্পর্কে তারা অবগত এবং বিষয়টির গুরুত্ব বিবেচনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি দলের কার্যক্রম থেকে দূরে থাকবেন বলেও জানানো হয়।
এর আগে অনলাইনে কয়েকটি স্ক্রিনশট ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় ২১ বছর বয়সী এই ফুটবলার ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ও অনৈতিক কথোপকথনে জড়িত ছিলেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর ক্লাব দ্রুত পদক্ষেপ নেয়। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে দলটির ম্যানেজার আন্দোনি ইরাওলা বলেন, ক্লাব বিষয়টি তদন্ত করছে এবং প্রকৃত ঘটনা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা হবে না।
স্পেনের প্রতিশ্রুতিশীল এই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের কাস্তিয়া ও এসি মিলানের মতো ক্লাব ঘুরে গত মৌসুমে বোর্নমাউথে যোগ দেন এবং দীর্ঘমেয়াদি চুক্তিতে আবদ্ধ হন। চলতি মৌসুমে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়মিত খেলছিলেন তিনি।
এ ঘটনায় ক্লাবের ভেতরে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে তার ভবিষ্যৎ ক্যারিয়ার, যা ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়েও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আরটিভি/এসকে