সোমবার, ১১ মে ২০২৬ , ০১:০৬ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও বিতর্কে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অভিযোগ উঠেছে, চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে দলের ডাগআউটে এক স্টাফ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১০ মে) রাতে ম্যাচ চলাকালে সম্প্রচার ক্যামেরায় এক পর্যায়ে লক্ষ্ণৌ শিবিরের দিকে ফোকাস গেলে ওই দৃশ্য ধরা পড়ে। ভিডিওতে দেখা ব্যক্তিটি ফোনে কথা বলছেন এমন ধারণা ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।
তবে ভিডিওটির সত্যতা নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি সত্যিই লক্ষ্ণৌর ডাগআউট ছিল কি না, নাকি স্টেডিয়ামের অন্য কোনো ভিআইপি এলাকা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একইভাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ও নিশ্চিত নয়।
আইপিএলের নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও ম্যাচ-সংশ্লিষ্ট স্টাফদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন বা যোগাযোগ যন্ত্র ব্যবহারে কড়াকড়ি রয়েছে। বোর্ডের নীতিমালায় বলা আছে, ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এবং নির্ধারিত যন্ত্রগুলো ম্যাচ শুরুর আগে জমা দিতে হয়।
এর আগেও একই ধরনের ঘটনায় শাস্তির মুখে পড়েছিল রাজস্থান রয়্যালস। গত ১০ এপ্রিল গুয়াহাটিতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ডাগআউটে মোবাইল ব্যবহার করায় দলের ম্যানেজার রোমি ভিন্দরকে এক লাখ রুপি জরিমানা ও সতর্ক করা হয়েছিল।
নতুন এই ঘটনার পর আবারও আইপিএলের নিয়ম ও তার প্রয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে।
আরটিভি/এসকে