images

খেলা / ফুটবল

রোনালদোকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল

সোমবার, ১১ মে ২০২৬ , ০২:০৫ পিএম

স্প্যানিশ ফুটবলে আবারও নিজেদের আধিপত্যের জানান দিল বার্সেলোনা। এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২০২৬ মৌসুমের লা লিগা শিরোপা ঘরে তুলেছে কাতালান জায়ান্টরা। আর এই শিরোপার মধ্য দিয়েই নতুন এক কীর্তি গড়েছেন বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। 

লা লিগার এই শিরোপা জয়ের ফলে বার্সেলোনার হয়ে ইয়ামালের মোট লিগ শিরোপা সংখ্যা দাঁড়াল তিনটিতে। এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও লিগ জয়ের স্বাদ পেয়েছিলেন এই স্প্যানিশ উইঙ্গার।

এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ নয় মৌসুম খেলেও জিততে পেরেছিলেন মাত্র দুটি লা লিগা শিরোপা ২০১২ ও ২০১৭ সালে।

চলতি মৌসুমে বার্সেলোনার সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইয়ামালের। তবে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এই চোটের কারণে সামনে আন্তর্জাতিক আসর নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তারপরও পুরো মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শিরোপাজয়ী দলের সদস্য হিসেবেই পদক পাচ্ছেন এই তরুণ ফুটবলার।

২০২২ সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ইয়ামাল। খুব অল্প বয়সেই তিনি নিজেকে ক্লাবটির বর্তমান ও ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সবশেষ এই শিরোপার মাধ্যমে বার্সেলোনার মোট লা লিগা ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। তবে এখনো স্পেনের সর্বোচ্চ লিগ শিরোপাধারী দল রিয়াল মাদ্রিদ, যাদের সংগ্রহে রয়েছে ৩৬টি লা লিগা ট্রফি।

আরটিভি/এসকে