images

খেলা / ফুটবল

নেইমারকে বিশ্বকাপে দেখতে ব্রাজিলের সংসদ সদস্যের তিন পৃষ্ঠার চিঠি

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ১০:২৩ এএম

নেইমারকে ২০২৬ বিশ্বকাপ দলে দেখতে চেয়ে এবার সরব হয়েছেন হেলিও লোপেস। ব্রাজিলের এই ফেডারেল ডেপুটি সরাসরি তিন পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে। যেখানে তিনি নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। 

এর আগে নেইমারকে বিশ্বকাপে দেখতে চাওয়ার কথা বলেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।  ‘লো ডেল পোলো’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমরা সব সময় চাই সেরা খেলোয়াড়েরা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কোন ফর্মে আছে, সেটা বড় কথা নয়; সে সব সময় সেরাদের একজন হিসেবেই গণ্য হবে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন। তার এক সপ্তাহ আগেই নেইমারের পক্ষে অবস্থান নিলেন সংসদ সদস্য লোপেস। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি সৃজনশীলতা ও লাখো সমর্থকের আশার প্রতীক। 

তবে চিঠিতে লোপেস স্পষ্ট করেছেন, দল নির্বাচনে হস্তক্ষেপ করাই তার উদ্দেশ্য নয়। বরং তিনি মনে করেন, নেইমারকে দলে চাওয়াটা কোটি কোটি ব্রাজিল সমর্থকের আবেগের প্রতিফলন।

বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। তবে ২০১৩ সালের দুরন্ত নেইমারের সঙ্গে বর্তমান সময়ের নেইমারের পার্থক্য অনেক। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর গুরুতর চোটের পর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। 

তবে বিশ্বকাপ দলে ফেরার পথে এক ধাপ এগিয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলের সংবাদমাধ্যমের দাবি, আনচেলত্তির ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন নেইমার। সান্তোসের হয়ে সর্বশেষ দুই ম্যাচে গোলও করেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা এই তারকা, যার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে রয়েছে ৭৯ গোল।

গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাও নেইমারকে নিয়ে মন্তব্য করেছিলেন। ‘ব্রাজিল ২৪৭’কে দেওয়া সাক্ষাৎকারে লুলা জানান, আনচেলত্তির সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। লুলার ভাষায়, আনচেলত্তি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?’ আমি বলেছি, সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে অবশ্যই তার সামর্থ্য আছে।

চোট ও ফিটনেস সমস্যার কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। সর্বশেষ ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন তিনি। তবে আনচেলত্তি একাধিকবার বলেছেন, ফিট থাকলে নেইমার বিশ্বকাপ দলে জায়গা পাবেন।

আরও পড়ুন
ARGENTINA

চমক রেখে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

সর্বশেষ ২০০২ সালের ফিফা বিশবকাপ জিতেছিল ব্রাজিল। সেই দলে ছিলেন কিংবদন্তি রোনাল্ডো-রোনালদিনহো। এরপর দুই যুগ পেরিয়ে গেলেও বিশ্বকাপ ট্রফি আর ছোঁয়া হয়নি সেলেসাওদের। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও শিরোপার আক্ষেপ কাটেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আরটিভি/এসকে