images

খেলা / ফুটবল

বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দল থেকে বাদ পড়লেন যারা

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৪:০৮ পিএম

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। সেই দলে জায়গা পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে চোটের কারণে বাদ পড়েছেন উদীয়মান তরুণ ফরোয়ার্ড এস্তেভাও।

ইএসপিএনের প্রতিবেদনে জানা গেছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া প্রাথমিক তালিকায় নেইমারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, ডান উরুর পেশির চোটের কারণে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা হয়নি এস্তেভাওয়ের। 

গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে চোট পান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শুরুতে আশা করা হয়েছিল, বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ব্রাজিল ও চেলসির মেডিক্যাল দল তার শতভাগ ফিটনেস নিয়ে নিশ্চিত হতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ। গত সপ্তাহে চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল বলেও জানা গেছে। 

ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মে’র মধ্যে অংশগ্রহণকারী সব দলকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। যদিও এই তালিকা প্রকাশ করা হয় না, তবে এখান থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করা হবে।

এদিকে ৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি হতে পারে আন্তর্জাতিক ফুটবলে বড় প্রত্যাবর্তনের মঞ্চ। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড আনচেলত্তির অধীনে আগের কোনো স্কোয়াডে জায়গা পাননি। ফলে তার প্রাথমিক দলে ফেরা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

চোটে পড়ার আগে এস্তেভাওকে বিশ্বকাপ স্কোয়াডের প্রায় নিশ্চিত সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। আনচেলত্তিও তরুণ এই ফরোয়ার্ডের বড় ভক্ত হিসেবে পরিচিত।

গত গ্রীষ্মে প্রায় ২৯ মিলিয়ন পাউন্ডে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন এস্তেভাও। সব প্রতিযোগিতা মিলিয়ে নতুন ক্লাবের হয়ে ৩৬ ম্যাচে তিনি করেছেন ৮ গোল।

আরও পড়ুন
noman-ali

১৩০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন পাকিস্তানের নোমান আলী

এস্তেভাও ছাড়াও গুরুতর চোটের কারণে বিশ্বকাপ মিস করতে পারেন এদের মিলিতাও ও রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই দুই তারকাও আনচেলত্তির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। 

আরটিভি/এসকে