বুধবার, ১৩ মে ২০২৬ , ১০:৩৪ এএম
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উৎসবের মাঝেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল। খোলা বাসে শোভাযাত্রার সময় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসায় ভাসছেন এই স্প্যানিশ উইঙ্গার।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লা লিগা জয়ের উদযাপনে গত সোমবার সতীর্থদের সঙ্গে ছাদখোলা বাসে অংশ নেন ১৮ বছর বয়সী ইয়ামাল। এ সময় তাকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
এর কয়েক ঘণ্টা আগেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। যদিও ইনজুরির কারণে এল ক্লাসিকো ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল, তবে শিরোপা উদযাপনে তিনি ছিলেন দলের সঙ্গে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাসের এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ইয়ামাল হাসিমুখে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করছেন। তার হাতে থাকা ফিলিস্তিনের পতাকা ঘিরেই শুরু হয় নতুন আলোচনা।
গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলভক্ত, অধিকারকর্মী ও বিশ্লেষকরা ইয়ামালের এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি সংহতির বার্তা হিসেবে দেখছেন। গাজার এক ফিলিস্তিনি শিক্ষার্থী মুহাম্মদ আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “কারও কাছে এটি সাধারণ একটি অঙ্গভঙ্গি হতে পারে। কিন্তু গাজায় এটি হৃদয় ছুঁয়ে যায়।
তিনি আরও বলেন, ধন্যবাদ, লামিন ইয়ামাল। গাজা থেকে বলছি, আপনি ধারণার চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ও সমাবেশে ফিলিস্তিনের পতাকা সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। বড় ক্রীড়া আসর ও জনসমাগমেও বহু সমর্থককে এই পতাকা বহন করতে দেখা গেছে।
লেবাননের রাজনৈতিক কর্মী ও লেখক দিয়াব আবু জাহজাহ লিখেছেন
লেবাননের রাজনৈতিক কর্মী ও লেখক দিয়াব আবু জাহজাহ লিখেছেন, আপনার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, তাহলে সেটি ব্যবহার করুন। আপনার যদি কণ্ঠ থাকে, তাহলে কথা বলুন। ব্রাভো লামিন ইয়ামাল।
এদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার(১২মে) গণমাধ্যমকে তিনি বলেন, আমি তাকে বলেছি, তুমি যদি এটা করতে চাও, সেটা তোমার সিদ্ধান্ত। তুমি এখন যথেষ্ট বড় হয়েছ।
উৎসব শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন ইয়ামাল। সেখানে অনুষ্ঠানের আরও কয়েকটি মুহূর্তও শেয়ার করা হয়। পোস্টটিতে ইতোমধ্যে মিলিয়নের বেশি প্রতিক্রিয়া পড়েছে। পোস্টে মন্তব্য করেছেন বার্সেলোনার সতীর্থ মার্কাস রাশফোর্ড ও ডাচ ফুটবলার আনোয়ার এল গাজিও।
ফিলিস্তিনি লেখক ও কবি মোসাব আবু তোহা ইয়ামালের পোস্টে মন্তব্য করেন, গাজা থেকে আমরা তোমাকে ভালোবাসি।
আরটিভি/এসকে