বুধবার, ১৩ মে ২০২৬ , ০২:২০ পিএম
চার বছর ধরে মেজর কোনো শিরোপার দেখা নেই সৌদি ক্লাব আল-নাসর। আর ক্লাবটিতে যোগ দেওয়ার পরও সেই ট্রফিখরা এখনো কাটাতে পারেননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার সৌদি প্রো লিগের শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে আল-নাসর। যদিও শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে আগেভাগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে দলটি।
মঙ্গলবার রাতে আল-হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর। নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল রোনালদোর দল। কিন্তু ইনজুরি সময়ের ৯৮তম মিনিটে আত্মঘাতী গোল করে বসেন আল-নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। তাতেই শিরোপা নিশ্চিত করার প্রথম সুযোগ হারায় দলটি।
ম্যাচের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ সেভ করে প্রশংসাও কুড়িয়েছিলেন বেন্তো। তবে অল্প সময়ের মধ্যেই তিনি পরিণত হন হতাশার কারণ। আল-হিলালের লম্বা থ্রো থেকে আসা বল সহজেই নিয়ন্ত্রণে নিতে পারতেন তিনি। কিন্তু লাফিয়ে বল ধরতে গিয়ে হাত ফসকে সেটি জড়িয়ে যায় নিজেদের জালে। এ সময় পাশে থাকা এক ডিফেন্ডারের ধাক্কায় কিছুটা ভারসাম্য হারান এই গোলরক্ষক।
এর আগে ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন রোনালদো। পরে ডাগআউটে বসেই ম্যাচ ড্র হওয়ার হতাশা প্রকাশ করতে দেখা যায় তাকে।
এই ড্রয়ের পর ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল-নাসর। এক ম্যাচ কম খেলা আল-হিলালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। বাকি থাকা দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৮৪। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে জিতলেই ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে আল-নাসর।
আগামী ২১ মে মৌসুমের শেষ ম্যাচে দামাক এফসির মুখোমুখি হবে আল-নাসর। সেই ম্যাচে জয় পেলেই বহু প্রতীক্ষিত শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের। তবে তার আগেই শনিবার আল-হিলাল লড়বে নিওম এসসির কাছে হেরে যায়, তাহলে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে আল-নাসর।
আল-নাসরের জার্সিতে প্রথম মেজর ট্রফি জয়ের অপেক্ষায় এখন দিন গুনছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
আরটিভি/এসকে