বুধবার, ১৩ মে ২০২৬ , ০৪:৩৭ পিএম
সূচি অনুসারে, আগামী ১৯ মে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে মোহামেডান। তবে কিংস অ্যারেনায় খেলতে অস্বীকৃতি জানিয়ে বাফুফের কাছে চিঠি পাঠিয়েছে মোহামেডান।
পূর্বের বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে গতকাল (মঙ্গলবার) বাফুফেকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মোহামেডান। ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচটি নিরপেক্ষা ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে দলটি।
চিঠিতে বলা হয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এবং ক্লাবের অগণিত সমর্থক অত্যন্ত গুরুত্বের সাথে প্রত্যাশা করে যে, ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬ -এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।
কেন এই দাবি তুলছে তারা, তার কারণও ব্যাখ্যা করে জানিয়েছে মোহামেডান। চিঠিতে লেখা হয়েছে, বিগত বিপিএলের একাধিক খেলায় বসুন্ধরার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি যে মারমুখী ও বিরূপ আচরণ পরিলক্ষিত হয়েছে যা আমরা ইতিপূর্বে দুটি চিঠির মাধ্যামে অবহিত করা হয়েছে।
সেই তিক্ত অভিজ্ঞতার আলোকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে নিরপেক্ষ ভেন্যুর ভূমিকা অপরিসীম।
মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এই চিঠিতে প্রত্যাশা করা হয়েছে, দেশের ফুটবল খেলার বৃহত্তর স্বার্থে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যকার বিদ্যমান সুসম্পকের আলোকে ‘ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬’ এর ফাইনাল খেলাটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
আরটিভি/এসআর