বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১২:০৭ পিএম
চলমান আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। আর এই সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
বুধবার (১৩ মে) আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল কলকাতা। জবাব দিতে নেমে ৫ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বেঙ্গালুরু। যেখানে ৩ ছক্কা ও ১১ বাউন্ডারিতে ৮০ বলে ১০৫ রানে অপরাজিত ছিলেন এই কিংবদন্তি ব্যাটার।
আর এই সেঞ্চুরিতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস তোলপাড় করে দিয়েছেন কোহলি।
কলকাতার বিপক্ষে করা এই শতরানটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাটের ১০ম সেঞ্চুরি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। বিশ্ব ক্রিকেটে তার উপরে আছেন কেবল ক্রিস গেইল (২২) এবং বাবর আজম (১৩)। ১০টি সেঞ্চুরি নিয়ে বর্তমানে ডেভিড ওয়ার্নারের সাথে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন কোহলি।
এই ইনিংসের পথেই কোহলি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪,০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। এটি করতে তিনি সময় নিয়েছেন মাত্র ৪১০টি ইনিংস, যা বিশ্বরেকর্ড। এর আগে ৪২৩ ইনিংসে এই রেকর্ডটি ছিল ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের দখলে। কোহলি বিশ্বের ষষ্ঠ এবং ভারতের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন।
আইপিএলের পরিসংখ্যানে কোহলি এখন ধরাছোঁয়ার বাইরে—
সর্বোচ্চ সেঞ্চুরি: আইপিএলে এটি বিরাটের ৯ম সেঞ্চুরি, যা জস বাটলারের (৭) চেয়ে দুটি বেশি।
রান তাড়ায় সেরা: ৯টি সেঞ্চুরির মধ্যে ৩টি এসেছে লক্ষ্য তাড়া করার সময়, যা বাটলারের সাথে যৌথভাবে সর্বোচ্চ।
সবচেয়ে বেশি ম্যাচ: আইপিএলে এটি বিরাটের ২৭৯তম ম্যাচ। এর ফলে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে (২৭৮ ম্যাচ) টপকে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।
উল্লেখ্য, টানা দুই ম্যাচে ব্যর্থতার পর যেভাবে কোহলি ঘুরে দাঁড়ালেন, তা আবারও প্রমাণ করল কেন তাকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তি বলা হয়। তার এই বিধ্বংসী ফর্ম বেঙ্গালুরু সমর্থকদের শিরোপার স্বপ্নকে আরও রঙিন করে তুলছে।
আরটিভি/এসআর