images

খেলা / ক্রিকেট

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৬:৩৯ পিএম

স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল ২০২৬ মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন এই টাইগার গতিতারকা।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন নাহিদ।

গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগুনঝরা বোলিং করেন এই ডানহাতি পেসার। পুরো সিরিজে ৮ উইকেট শিকার করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন নাহিদ।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।

সিরিজের প্রথম ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেননি নাহিদ। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। মিরপুরে কিউই ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে মাত্র ৩২ রানে ৫ উইকেট তুলে নেন এই পেসার। পাওয়ারপ্লেতেই নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে আরও তিন উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেন ১৯৮ রানে।

আরও পড়ুন
SHAKIRA

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরাসহ যেসব তারকারা

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও ২ উইকেট নেন নাহিদ। পুরো সিরিজে তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদেই এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে তার হাতে।

আরটিভি/এসকে