রোববার, ১৭ মে ২০২৬ , ০৮:৩৫ পিএম
নাহিদ রানার বাউন্সারে ঘায়েল হন প্রতিপক্ষের সব ব্যাটাররা। সম্প্রতি মিরপুর টেস্টে এই তরুণ বোলার ব্যাটিংয়ে নামলে তাকে উদ্দেশ্য করে বাউন্সার মারতে থাকেন শাহিন আফ্রিদি। পরের ইনিংসেই সেই প্রতিশোধ নিয়েছেন নাহিদ রানা। শাহিনকে বাউন্সার মেরে আউট করেন তিনি।
এবার বাউন্সার নিয়ে কড়া বার্তা দিলেন এই তরুণ বোলার। তার মতে, আমাকে কেউ বাউন্সার দিলে তাকে ছেড়ে কথা বলব না। রোববার (১৭ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন নাহিদ রানা।
মিরপুর টেস্টে বাউন্সার দিলেও সিলেটে প্রথম ইনিংসে চারটি বল মোকাবেলা করলেও একটিও বাউন্সার দেওয়া হয়নি নাহিদকে। এই ব্যাপারে নাহিদ বলেন, বাউন্সার দিতে ভাববে কিনা জানি না। তবে এতটুকু বলতে পারি, আমাকে কেউ বাউন্সার দিলে তাকে ছেড়ে কথা বলব না।
দ্বিতীয় দিনে পাকিস্তানকেও ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। পাকিস্তান অলআউট হয়েছে ২৩২ রানে। নাহিদ শিকার করেছেন তিনটি উইকেট। তাইজুল ইসলামও তিনটি উইকেট নিয়েছেন। দুইটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
নাহিদের মতে, লিটনের ইনিংসটিই ছিল ম্যাচে ফেরার জন্য বাংলাদেশের টার্নিং পয়েন্ট। এছাড়া লোয়ার অর্ডারে শরিফুল ইসলামের ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন নাহিদ। শরিফুল করেছিলেন ৩০ বলে ১২ রান। তিনি অপরাজিতই ছিলেন।
নাহিদ রানা বলেন, আমি বলব লিটন দার ব্যাটিং, শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরিফুল ভাইয়ের ব্যাটিং। বোলিং তো আলহামদুলিল্লাহ ভালো খেলেছি। লিটন দার হান্ড্রেড না হলে ব্যাকফুটে থাকতাম। তাই আমি মনে করি টার্নিং পয়েন্ট ছিল তার হান্ড্রেড।
পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৩২ রানে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১১০ রান। বাংলাদেশের লিড ১৫৬ রান।
আরটিভি/এসআর