মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৩:০৭ এএম
নানা নাটকীয়তার পর ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। যেখানেই একাধিক চমক রেখেছেন এই ইতালিয়ান কোচ।
সোমবার (১৮ মে) দিবাগত রাত ২টায় রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো থেকে আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।
এই দল ঘোষণার সবচেয়ে বড় এবং স্বস্তির খবর হলো পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। দীর্ঘ আড়াই বছর দলের বাইরে থাকার পর অবশেষে সেলেসাওদের জার্সিতে ফিরলেন এই ফরোয়ার্ড। ২০২৩ সালের পর এই প্রথম তিনি জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠ কাঁপাতে প্রস্তুত।
নেইমারের ফেরাটা যেখানে ভক্তদের আনন্দের জোয়ারে ভাসিয়েছে, ঠিক তেমনই এক বিশাল ধাক্কা হয়ে এসেছে রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর বাদ পড়ার খবরটি। আনচেলত্তির চূড়ান্ত ২৬ জনের তালিকায় রদ্রিগোর অনুপস্থিতি এবারের স্কোয়াডের সবচেয়ে বড় এবং অপ্রত্যাশিত চমক হিসেবে দেখা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল খেলবে সি-গ্রুপে; যেখানে নিজেদের প্রথম ম্যাচেই আফ্রিকান শক্তি মরক্কোর বিরুদ্ধে মাঠে নামতে হবে সেলেসাওদের, যা ব্রাজিলের জন্য শুরুতেই একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি। আর, ২৪ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরটিভি/এসএস