বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:২৭ পিএম
উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল অ্যাস্টন ভিলা। যেখানে একক আধিপত্য দেখিছে ইংলিশ ক্লাবটি। সেই সঙ্গে ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের শিরোপাখরা কাটিয়ে উয়েফা ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা।
সবমিলিয়ে ৩০ বছর পর কোনো শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। দলের এই সাফল্যে ভাঙা আঙুল নিয়েও অবদান রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এ নিয়ে নিজের খেলা সাতটি ফাইনালেই জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রেখেছেন তিনি।
বুধবার (২০ মে) খেলা শেষে এই আলবিসেলেস্তে তারকা ইএসপিএনকে বলেন, সত্যি বলতে এটা গর্বের বিষয়। আমি এখনও ম্যাচপ্রতি বেড়ে উঠছি (শিখছি)। এদিন যদিও ওয়ার্ম-আপের সময় আমার আঙুল ভেঙে যায় এবং খারাপ কিছুর মাঝেও ভালো বিষয় লুকিয়ে থাকে। জীবনভর এভাবেই এগিয়েছি এবং এগিয়ে যাব।
তিনি বলেন, এর আগে কখনও আঙুল ভাঙেনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু এসবের মধ্য দিয়েই যেতে হয়। অ্যাস্টন ভিলার জার্সি পরে খেলতে পারাটা আমার জন্য গর্বের।
দিবু মার্টিনেজের আঙুলের চোট নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তার অস্বস্তি তেমন গুরুতর কিছু নয় এবং আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য তার প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। আঙুলের ব্যথা সত্ত্বেও ভিলার হয়ে মার্টিনেজ পুরো ৯০ মিনিটই খেলেছেন।
ক্লাবটির হয়ে নিজের প্রথম শিরোপা জয়ে প্রবল উচ্ছ্বাসে ভেসেছেন, কখনও কোচ উনাই এমেরি আবার সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়াকে কাঁধে তুলে নেচেছেন, আবার গ্যালারিতে গিয়ে ভিলা সমর্থকদের সঙ্গে গায়ে গা মিলিয়ে গলা ফাটিয়েছেন।
এখন পর্যন্ত কোনো ফাইনালেই হারের রেকর্ড নেই মার্টিনেজের। তার এই জয়যাত্রা শুরু হয় ২০২০ সালে আর্সেনালের হয়ে। ওই বছর এফএ কাপ ফাইনালে চেলসি এবং কমিউনিটি শিল্ডে লিভারপুলকে হারিয়ে ফাইনাল জয় শুরু।
এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নম্বর ওয়ান গোলরক্ষক হিসেবে ২০২১ কোপা আমেরিকা (ব্রাজিলের বিপক্ষে ১-০), ২০২২ ফিনালিসিমা (ইতালির বিপক্ষে ৩-০), ২০২২ বিশ্বকাপ (ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকার) এবং ২০২৪ কোপা আমেরিকায় (কলম্বিয়ার বিপক্ষে ১-০) চ্যাম্পিয়ন হয়েছে।
আরটিভি/এসআর