শুক্রবার, ২২ মে ২০২৬ , ১২:০০ এএম
হামজা-সামিতদের কোচ কে হচ্ছেন? গত কয়েক সপ্তাহ ধরে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেনি। তবে শুক্রবার (২১ মে) সকালে ঢাকায় এমিরেটসের ফ্লাইটে আসছেন হামজাদের নতুন কোচ থমাস ঢুলি। তিনি বাংলাদেশে আসার পরই বাফুফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় দল কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল সকালে কোচের আগমনের বিষয়টি জানানো হয়।
বাফুফে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি সভাপতি তাবিথ আউয়াল বারবারই বলেছিলেন, ক্যাম্পের শুরু থেকেই নতুন কোচ থাকবেন।
২৩ মে প্রিমিয়ার ফুটবল লিগের শেষ ম্যাচ। এরপর দিন থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। সেই মোতাবেক নতুন কোচকে দুই দিন আগেই বাংলাদেশে আনছে বাফুফে।
জাতীয় ফুটবল দলের কোচের বিষয়টি দেখভাল করে জাতীয় দল কমিটি। সেই কমিটির সর্বশেষ সভায় ওয়েলসের কোচ কোলম্যানকে কোচ করা সম্ভব না এমনটা সিদ্ধান্ত হয়েছিল। অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের মধ্যে একজন হবেন সেটা থমাস ঢুলি হওয়ার সম্ভাবনা বেশি এ রকম আলোচনা হলেও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
বাফুফের সঙ্গে ক্যাবরেরা চুক্তি শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বাফুফে ফেসবুক পেজে হ্যাভিয়ের ক্যাবরেরাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। নতুন কোচরে আগমনে এটাও একটা ইঙ্গিত। আগামীকাল নতুন কোচের আগমন নিয়ে বাফুফে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে। বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ আগামীকাল একটি ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। যদিও সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেবে না বাফুফে।
থমাস ঢুলিকে কোচ হিসেবে মেনে নিতে চাইছেন সমর্থকদের একাংশ। গত দুই দিন যাবৎ বাফুফে ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেছেন তারা। আগামীকালও কর্মসূচি রয়েছে তাদের। থমাস ঢুলি গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন। সেখান থেকে পদত্যাগ করার পরই মূলত আলোচনা ছিল তিনি হামজাদের কোচ হচ্ছেন। ঢুলি ফিলিপাইনকে এশিয়া কাপে উঠিয়েছিলেন। কোচ হিসেবে তার জাতীয় দল ও ক্লাবের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অনেক। খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার বর্ণাঢ্য। জার্মান বুন্দেসলিগা এবং আমেরিকার হয়ে ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে ঢুলি আমেরিকার অধিনায়কত্ব করেন।
আরটিভি/এমএম