শনিবার, ২৩ মে ২০২৬ , ১১:২৭ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়া অ্যাথলেটের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত ২০২৫ সালের তালিকায় টানা চতুর্থবার এবং সবমিলিয়ে ষষ্ঠবার শীর্ষ উপার্জনকারী ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ এই মহাতারকা।
ফোর্বসের তথ্যমতে, ২০২৫ সালে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৮ কোটি টাকার বেশি। এর মধ্যে মাঠে খেলে আয় করেছেন ২২৫ মিলিয়ন ডলার এবং মাঠের বাইরের বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম, বিজ্ঞাপন ও স্পন্সরশিপ থেকে এসেছে আরও ৬৫ মিলিয়ন ডলার।
তালিকার দ্বিতীয় স্থানে আছেন কানেলো আলভারেজ। মেক্সিকোর এই বক্সার ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার আয় করেছেন। যার মধ্যে ১৬০ মিলিয়ন এসেছে রিংয়ে লড়াই করে এবং ১০ মিলিয়ন ডলার এসেছে অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে।
অন্যদিকে, লিওনেল মেসি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকার গত এক বছরের মোট আয় ১৪০ মিলিয়ন ডলার। এর মধ্যে মাঠের পারফরম্যান্স থেকে ৭০ মিলিয়ন এবং মাঠের বাইরের বিভিন্ন চুক্তি ও প্রচারণা থেকে আরও ৭০ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি।
এদিকে শীর্ষ ১০ আয়কারী ক্রীড়াবিদের তালিকায় আরও জায়গা করে নিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার), জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি (১২৪.৭ মিলিয়ন ডলার), স্পেনের গলফার জন রাম (১০৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের সাবেক ও আল হিলালের তারকা করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট (১০৩.৮ মিলিয়ন ডলার) এবং যুক্তরাজ্যের অটো-রেসিং তারকা লুইস হ্যামিল্টন (১০০ মিলিয়ন ডলার)।
ফোর্বসের এই তালিকা আবারও প্রমাণ করল, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্র্যান্ড ভ্যালু ও বাণিজ্যিক জনপ্রিয়তাও আধুনিক ক্রীড়াবিদদের আয়ের বড় উৎস হয়ে উঠেছে।
আরটিভি/এসকে