শনিবার, ২৩ মে ২০২৬ , ০৪:১৯ পিএম
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা থাকলেও এবার উত্তর আমেরিকার মাটিতে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই অভিযানে লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দলের সঙ্গী হচ্ছে বিশেষভাবে তৈরি একটি বিমান।
আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস জাতীয় দলের জন্য উন্মোচন করেছে বিশেষ নকশার একটি এয়ারবাস। রাজধানী বুয়েনস এইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে বিমানটির শেষ মুহূর্তের প্রস্তুতি। নীল-সাদা রঙে সাজানো এই বিমান যেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাস আর আবেগের প্রতিচ্ছবি।
বিমানটির সবচেয়ে বড় আকর্ষণ এর লেজে থাকা বিখ্যাত ‘১০’ নম্বর। একসময় যে নম্বর গায়ে জড়িয়ে বিশ্ব মাতিয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা, বর্তমানে সেটিই লিওনেল মেসির পরিচয়ের প্রতীক। এছাড়া বিমানের দুই ইঞ্জিনে যুক্ত করা হয়েছে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতীক ‘সি’ এবং তিনটি সোনালি তারা, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক।
অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের হ্যাঙ্গার শিফট ম্যানেজার পাবলো দা গ্রাভা জানিয়েছেন, জাতীয় দলের চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে সামনে রেখেই বিমানটির নকশা করা হয়েছে। তিনি বলেন,আমাদের কর্মীরা দিনরাত পরিশ্রম করে বিমানের র্যাপিং, লেজ, ইঞ্জিন ও অন্যান্য অংশের কাজ সম্পন্ন করেছেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘১০’ নম্বরকে, কারণ এটি প্রতিটি আর্জেন্টাইনের কাছে আবেগের প্রতীক। আমরা আশা করছি, এবারও দল ইতিবাচক ফল নিয়ে দেশে ফিরবে।
বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টাইন ফুটবলারদের কুসংস্কার ও সৌভাগ্যের বিশ্বাসও জড়িয়ে আছে এই বিমানের সঙ্গে। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের আগে একই ধরনের একটি বিশেষ বিমানে ভ্রমণ করেছিল দলটি। তাই অনেকেই মনে করছেন, পুরোনো সৌভাগ্যই আবারও সঙ্গী হতে যাচ্ছে মেসিদের।
পাবলো দা গ্রাভা আরও বলেন, আমাদের লক্ষ্য ছিল এমন একটি বিমান তৈরি করা, যা পুরো বিশ্বের কাছে আর্জেন্টিনার পরিচয় বহন করবে। সবচেয়ে বড় বিষয় হলো, পুরো কাজটাই আমাদের দেশের মানুষ এবং আমাদের নিজস্ব বিমান সংস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে। জাতীয় দলকে বহন করার সুযোগ আমাদের জন্য গর্বের।
আগামী ১১ জুন মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। কোটি সমর্থকের প্রত্যাশা নিয়ে যখন নীল-সাদার এই বিশেষ বিমানটি আমেরিকার আকাশে উড়বে, তখন আর্জেন্টাইনদের একটাই স্বপ্ন চতুর্থ বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা।
আরটিভি/এসকে