মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৯:০৭ পিএম
অসুস্থতা আর ফর্মহীনতার কারণে হতাশাজনক একটি মৌসুম কাটানোর পরও কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ তারকা হামেস রদ্রিগেজ। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে তার দীর্ঘ অভিজ্ঞতাকেই বেশি মূল্য দিয়েছেন কলম্বিয়ার প্রধান কোচ নেস্তর লরেনৎজো।
৩৪ বছর বয়সী রদ্রিগেজ চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মিনোসোটা ইউনাইটেডের হয়ে প্রথম ১৫ ম্যাচের মধ্যে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন মাত্র দুটিতে। সব মিলিয়ে পুরো মৌসুমে মাঠে ছিলেন মাত্র ১৯৪ মিনিট। এরপরও বড় মঞ্চের কথা বিবেচনা করে কোচ তার ওপরই ভরসা রেখেছেন।
গত মার্চে ফ্রান্সের বিপক্ষে কলম্বিয়ার ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেজ। ম্যাচের পরেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। মারাত্মক পানিশূন্যতায় (ডিহাইড্রেশন) আক্রান্ত হওয়ায় তিন দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল তাকে।
সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও মার্কিন গণমাধ্যমগুলোতে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, রদ্রিগেজ হয়তো ‘র্যাবডোমায়োলাইসিস’ নামের একটি মারাত্মক পেশি ক্ষয়জনিত রোগে ভুগছেন, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে রদ্রিগেজের ক্লাব মিনোসোটা ইউনাইটেড সেই দাবি পুরোপুরি নাকচ করে দেয়।
হামেস রদ্রিগেজের অফ-ফর্মের দিনে কলম্বিয়া শিবিরের সবচেয়ে বড় স্বস্তির নাম লুইস দিয়াজ। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই ফরোয়ার্ড। ক্লাবের হয়ে ঘরোয়া ডাবল (দুটি শিরোপা) জেতার পথে সব মিলিয়ে ৫১ ম্যাচে ২৬টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৩টি গোল।
দিয়াজ ছাড়াও কলম্বিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের দানিয়েল মুনিওস ও জেফারসন লারমা। আর গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন আর্সেনালের সাবেক অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড অসপিনা।
গত ২০২২ কাতার বিশ্বকাপে বাছাইপর্বের বৈতরণী পার হতে না পেরে দর্শক হয়েই থাকতে হয়েছিল কলম্বিয়াকে। তবে এবার কনমেবল (দক্ষিণ আমেরিকা) অঞ্চলের বাছাইপর্বে দারুণ খেলে সরাসরি তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে তারা।
আগামী ১১ জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ। যেখানে ‘এইচ’ গ্রুপে খেলবে কলম্বিয়া। আগামী ১৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৪ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো। আর ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে কলম্বিয়া।
কলম্বিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, দাভিদ অসপিনা
ডিফেন্ডার: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলের দিত্তা, দানিয়েল মুনিওস, সান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মোহিকা, দেইভার মাচাদো।
মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানিও, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হামেস রদ্রিগেজ, হামিন্তন কাম্পাজ।
আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেস, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেস, জন কর্দোবা।
আরটিভি/ এসকেডি