বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১১:২৮ পিএম
নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।
অথচ তিন দলের ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। সেই তুলনায় ম্যাচের আগে বড় জয়ের প্রত্যয় ব্যক্ত করলেও মাঠের খেলায় পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। জয় পেতে লাল-সবুজের মেয়েদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। এক পর্যায়ে ২-২ সমতায় ফিরিয়ে ম্যাচে দারুণ উত্তেজনা ছড়ায় মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা।
শুরুতে একাদশে বড় চমক দেখান কোচ পিটার বাটলার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে খেলান। যিনি কোচের আস্থার প্রমাণ দেন ১১ সেকেন্ডেই! কিক অফের পর দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেশ কয়েকবার। কিন্তু লাল-সবুজরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ মিনিটে স্কোর ২-০ করেছেন উমেলাহ মারমা। যদিও এই অর্ধের শেষ দিকে স্কোর ২-১ এ নামিয়ে আনে মালদ্বীপ। ৪১ মিনিটে গোল করেন মালদ্বীপের মারিয়াম নুরা।
বিরতির পর তো বাংলাদেশ শিবিরে ভয়-ই ধরিয়ে দেয় তারা। আমিনাত ফাজলার গোলে স্কোরে ২-২ সমতা আনে মালদ্বীপ। তাতে ড্রয়ের শঙ্কাও জাগে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হতে দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবার এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। তারপর শেষ দিকে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে কোহাতি হেড করে জাল কাঁপালে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এখন বাংলাদেশ শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।
আরটিভি/ এসকেডি