images

খেলা

সালাহর নেতৃত্বে মিশরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৫:৩৪ পিএম

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মিশর। যার নেতৃত্বে থাকবেন লিভারপুলের তারকা উইঙ্গার মোহাম্মদ সালাহ।

শনিবার (৩০ মে) কোচ হোসাম হাসান এ তথ্য নিশ্চিত করে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠছে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপের। এক আসর বিরতির পর আবারও ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে ‘ফারাও’রা।

গোলরক্ষক হিসেবে দলের প্রথম পছন্দ মোহাম্মদ এল-শেনাওয়ি। তার সঙ্গে স্কোয়াডে আছেন মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলিমান ও মোহাম্মদ আলা। রক্ষণভাগে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, আহমেদ ফাতুহ, মোহাম্মদ হানি ও হোসাম আবদেলমাগিদসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার।

মধ্যমাঠে থাকছেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া, নাবিল এমাদ, মোহান্নাদ লাশিন ও আহমেদ মোস্তাফা জিজো। পাশাপাশি আক্রমণভাগে সালাহর সঙ্গে ভরসা হিসেবে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে উজ্জ্বল পারফরম্যান্স করা ওমর মারমুশ, মাহমুদ হাসান ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইথাম হাসান ও হামজা আবদেল করিম।

তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ওকতাই আবদুল্লাহর।

মিশর ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দল। বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের মুখোমুখি হবে মিশর।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ থেকে পরের পর্বে জায়গা করে নেওয়াই সালাহদের প্রাথমিক লক্ষ্য।

মিশরের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা।

ডিফেন্ডার: মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।

মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ

ফরোয়ার্ড: ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।

আরটিভি/টিআর