images

খেলা

ব্রাজিল স্কোয়াডের জার্সি নম্বর প্রকাশ, নতুন চমক!

রোববার, ৩১ মে ২০২৬ , ০৮:৫৪ পিএম

ফুটবল বিশ্বকাপের আর মাত্র ১১ দিন বাকি। ইতোমধ্যে বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে উচ্ছ্বাসের জোয়ার বইছে ব্রাজিলজুড়ে। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই দল নির্বাচন থেকে শুরু করে জার্সি নম্বর বণ্টন-সবকিছুই এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। খবর এএস স্পোর্টস।   

আসন্ন আসরের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে পানামা ও মিশরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই প্রস্তুতির অংশ হিসেবেই খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

দীর্ঘদিন ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসে বিশেষ মর্যাদা বহন করে আসছে এই নম্বরটি। বিশ্বকাপের মঞ্চে সেই জার্সি এবার আবারও উঠছে নেইমার জুনিয়রের কাঁধে। কিছুদিন আগে ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছিলেন, জাতীয় দলের সবচেয়ে সম্মানজনক নম্বরটি তিনি নেইমারের জন্য ছেড়ে দিতে প্রস্তুত। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বাস্তবে রূপ নিয়েছে। ফলে ১০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে সান্তোস তারকাকে, আর ভিনিসিয়ুস খেলবেন নিজের পরিচিত ৭ নম্বর জার্সিতে।

আরও পড়ুন
10

নেইমার কি খেলছেন বিশ্বকাপে? কোচ আনচেলত্তির নতুন বার্তা

মধ্যমাঠেও রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর কাসেমিরো ফিরে পেয়েছেন তার বহুদিনের সঙ্গী ৫ নম্বর জার্সি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের এই দলটিতে যেমন অভিজ্ঞদের উপস্থিতি রয়েছে, তেমনি আছে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের সমন্বয়। তাই বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা কতটা সফল হবে, তা জানার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ও জার্সি নম্বর :

আলিসন (১), ওয়েসলি (২), গ্যাব্রিয়েল মাগালহায়েস (৩), মারকুইনিওস (৪), কাসেমিরো (৫), অ্যালেক্স সান্দ্রো (৬), ভিনিসিয়ুস জুনিয়র (৭), ব্রুনো গিমারায়েস (৮), মাতেউস কুনিয়া (৯), নেইমার জুনিয়র (১০), রাফিনিয়া (১১), ওয়েভারতন (১২), দানিলো (১৩), ব্রেমার (১৪), লিও পেরেইরা (১৫), ডগলাস সান্তোস (১৬), ফাবিনিও (১৭), দানিলো সান্তোস (১৮), এন্দ্রিক (১৯), লুকাস পাকেতা (২০), লুইজ হেনরিকে (২১), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (২২), এদেরসন (২৩), ইবানিয়েজ (২৪), ইগর থিয়াগো (২৫) ববেং রায়ান (২৬)।

আরটিভি/ এসকেডি