সোমবার, ০১ জুন ২০২৬ , ১০:২৪ এএম
আইপিএল ফাইনালে হতাশাজনক হারের পর আরও এক দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস। আহমেদাবাদে ফেরার পথে দলের টিম বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ক্রিকেটার ও স্টাফরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শর্ট সার্কিটের কারণে রোববার (৩১ মে) রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার সময় বাসে আগুন ধরে যায়। দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর প্রায় এক ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হয় দলটির সদস্যদের।
এই ঘটনাটি গুজরাটের জন্য আরও তিক্ত হয়ে ওঠে, কারণ এর কিছুক্ষণ আগেই আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পাঁচ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।
শুধু ফাইনালের হার নয়, টুর্নামেন্টের শেষ দিকে কঠিন ভ্রমণসূচিও দলটিকে বাড়তি চাপের মধ্যে রেখেছিল। ২৯ মে কোয়ালিফায়ার-২ খেলতে ২৭ মে ধর্মশালা থেকে মুল্লানপুরে যেতে হয়েছিল গুজরাটকে। এরপর ৩০ মে মুল্লানপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে আহমেদাবাদে ফেরার যাত্রা বিলম্বিত হয়, ফলে ফাইনালের আগের দিন সন্ধ্যার পর দলটি গন্তব্যে পৌঁছায়।
ফাইনাল হার, দীর্ঘ ভ্রমণ আর টিম বাসে আগুন সব মিলিয়ে আইপিএলের শেষটা গুজরাট টাইটানসের জন্য হয়ে থাকল সত্যিই এক দুঃস্বপ্নের মতো।
সূত্র: এনডিটিভি
আরটিভি/এসকে