images

খেলা / ফুটবল

জিদানের ছেলেকে রেখে আলজেরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

সোমবার, ০১ জুন ২০২৬ , ০২:৪৮ পিএম

ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া। বাবার মতো ফুটবলার হলেও লুকার অবস্থান ভিন্ন তিনি একজন গোলরক্ষক। আর সবচেয়ে বড় পার্থক্য, জিদান যেখানে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন, সেখানে ছেলে লুকা বেছে নিয়েছেন আলজেরিয়ার জার্সি।

২৮ বছর বয়সী এই গোলরক্ষক ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নেমেছেন। এবার আরও বড় অর্জন আলজেরিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। কোচ ভ্লাদিমির পেটকোভিচ আজ দল ঘোষণা করেন।

দলের অধিনায়ক হিসেবে থাকবেন সৌদি ক্লাব আল আহলির তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।

লুকা জিদানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফ্রান্সের যুব দলে। তিনি অনূর্ধ্ব-২০ পর্যায়ে ফ্রান্সের হয়ে খেলেছেন। তবে গত বছর সিদ্ধান্ত বদলে সিনিয়র পর্যায়ে আলজেরিয়ার হয়ে খেলার ঘোষণা দেন তিনি। তার দাদা-দাদি আলজেরিয়ান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া রয়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়া।

আলজেরিয়ার বিশ্বকাপ দল

গোলকিপার: ওসামা বেনবোট, মেলভিন মাসতিল, লুকা জিদান।

ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত-নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলঘালি, রামি বেনসেবাইনি, সামির চেরগুই, জাউয়েন হাদজাম, আইসা মান্দি, মোহামেদ আমিন তুগাই।

মিডফিল্ডার: হুসেম আউয়ার, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিত্রাউই,  নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, রামিজ জেরুকি।

ফরোয়ার্ড: আমিন গুইরি, রিয়াদ মাহরেজ, মোহামেদ আমিন আমৌরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস ঘেজেমিস, আনিস হাজ মুসা।

আরটিভি/এসকে