images

খেলা / ফুটবল

মাঠে বসে ফ্রিতে বিশ্বকাপ দেখার সুযোগ পাচ্ছেন ১৪ হাজার দর্শক

সোমবার, ০১ জুন ২০২৬ , ০৪:৩১ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিয়ে যখন বিশ্বজুড়ে উচ্চমূল্য নিয়ে আলোচনা চলছে, তখন ব্যতিক্রমী এক সুযোগ পাচ্ছেন মেক্সিকোর প্রায় ১৪ হাজার দর্শক। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে তারা বিনা টিকিটে মাঠে বসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করার অধিকার ফিরে পেয়েছেন।

আগামী ১২ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। তিনটি বিশ্বকাপ আয়োজন করা প্রথম ভেন্যু হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছে এই স্টেডিয়াম। আর এই ঐতিহাসিক মুহূর্তে ১৪ হাজার আসনের মালিক দর্শকরা থাকবেন বিনামূল্যে গ্যালারিতে।

ঘটনার সূত্রপাত প্রায় ছয় দশক আগে। ১৯৬০-এর দশকে স্টেডিয়াম নির্মাণের সময় অর্থসংকট দেখা দিলে কর্তৃপক্ষ ৬০০টি বক্স ও প্রায় ৮ হাজার গ্যালারি আসন আগাম বিক্রি করে। ক্রেতাদের প্রতিশ্রুতি দেওয়া হয় ২০৬৫ সাল পর্যন্ত স্টেডিয়ামে আয়োজিত যেকোনো ইভেন্ট তারা অতিরিক্ত টিকিট ছাড়াই দেখতে পারবেন।

এই সুবিধার আওতায় বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবল, কনসার্টসহ নানা আয়োজনের প্রবেশাধিকার বজায় ছিল। ১৯৮৬ বিশ্বকাপেও ফিফা এসব আসনের নিয়ন্ত্রণ নিতে পারেনি, ফলে তখনও মালিকরা বিনামূল্যে ঐতিহাসিক ম্যাচ উপভোগ করেছিলেন।

২০২৬ বিশ্বকাপের আগে ফিফা ও স্টেডিয়াম কর্তৃপক্ষ ওই আসনগুলো নিজেদের টিকিট ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করলে আসন মালিকদের সংগঠন আদালতের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত আদালত তাদের পক্ষেই রায় দেয়।

আসন মালিক সংগঠনের মহাসচিব রবার্তো রুয়ানো ওর্তেগা বলেন, আমাদের অধিকার আদালত স্বীকৃতি দিয়েছে। বিশ্বকাপের ম্যাচ দেখতে আমাদের কোনো অর্থ দিতে হবে না।

মেক্সিকান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব আসন ফিফার জন্য বিক্রি করতে না পারায় স্টেডিয়াম কর্তৃপক্ষকে প্রায় ৫৪ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণও দিতে হয়েছে।

আরও পড়ুন
argentina

বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিলেন মেসি-দে পল

তবে জটিলতা এখনও পুরোপুরি কাটেনি। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত দর্শকদের ইলেকট্রনিক টিকিট হাতে না পৌঁছানোয় উদ্বেগ তৈরি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবেশে বাধা এলে তারা আবারও আদালতের সহায়তা নেবে।

সবকিছু ঠিক থাকলে ইতিহাসের আরেকটি অধ্যায়ের সাক্ষী হতে চলেছেন আজটেকা স্টেডিয়ামের সেই ১৪ হাজার দর্শক যারা বিনামূল্যে দেখবেন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।

আরটিভি/এসকে