images

খেলা / ফুটবল

মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০১:৫৭ পিএম

বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডান হাতের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও এখনো তার ফেরা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি। 

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। সেই ম্যাচে মার্তিনেজকে পাওয়া না গেলে গোলবারের নিচে দায়িত্ব নিতে পারেন দলের অন্য দুই গোলরক্ষক গোরোনিমো রুলি ও হুয়ান মুসো। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ দুটিকে সম্ভাব্য বিকল্পদের যাচাইয়ের মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারেন স্কালোনি।  

বর্তমানে মার্তিনেজের বিকল্প হিসেবে কিছুটা এগিয়ে রয়েছেন রুলি। ফরাসি ক্লাব মার্শেইর হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতেও রয়েছে অভিজ্ঞতা। আর্জেন্টিনার হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুলি, যেখানে মাত্র দুটি গোল হজম করেছেন। 

এছাড়া ২০২২ সালের বিশ্বকাপ, ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি।

অন্যদিকে ইয়ান ওবালাকের চোটের কারণে মৌসুমের শেষ দিকে হুয়ান মুসো নিয়মিত সুযোগ পান অ্যাতলেতিকো মাদ্রিদে। সেই সুযোগ কাজে লাগিয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন তিনি। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক।

আরও পড়ুন
saudi

বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরবের দল ঘোষণা

মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গোলবারের দায়িত্ব নিয়ে আলোচনা চলতেই থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে রুলি ও মুসো এই দুই গোলরক্ষকের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হতে পারে স্কালোনিকে।

আরটিভি/এসকে