images

খেলা / ফুটবল

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০২:০৯ পিএম

ভারতের কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের পর সোমবার(১জুন) বিকেলে প্রশাসন ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নেয়। 

গত বছরের ডিসেম্বরে মেসির কলকাতা সফর উপলক্ষে নির্মিত সোনালি রঙের এই বিশাল ভাস্কর্যটি শহরের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। ভাস্কর্যে বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে উদযাপনের ভঙ্গিতে দেখানো হয়েছিল। উদ্বোধনের সময় অনলাইনে যুক্ত হয়ে ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধনও করেছিলেন মেসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাইড্রোলিক ক্রেন ও দড়ির সাহায্যে ভাস্কর্যটি খুলে ফেলা হয়। পরে সেটিকে একটি খোলা ফ্ল্যাটবেড ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শারদ্বত মুখার্জি সংবাদ সংস্থা এএফপিকে জানান, স্থানীয়দের অভিযোগ ছিল যে উঁচু ভাস্কর্যটি বাতাসে বিপজ্জনকভাবে দুলছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আপাতত এটি সরকারি গুদামে সংরক্ষণ করা হবে। পরে উপযুক্ত কোনো স্থানে পুনঃস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন
ARGENTINA

মার্তিনেজের বিকল্প কাকে বেছে নেবে আর্জেন্টিনা

এদিকে ভাস্কর্য অপসারণকে ঘিরে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এর পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। ভাস্কর্যটি সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। সম্প্রতি দায়িত্ব পাওয়া ক্রীড়ামন্ত্রী নিতিশ প্রমানিক ভাস্কর্যটিকে দৃষ্টিকটু বলে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের কিছুদিনের মধ্যেই নিরাপত্তার কারণ দেখিয়ে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হলো।

তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে জননিরাপত্তার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

আরটিভি/এসকে