images

খেলা / ফুটবল

রোনালদিনিহোর হাতে বাংলাদেশের জার্সি, বিশ্বমঞ্চে লাল-সবুজের পরিচয়

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৩:২৬ পিএম

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিহোর হাতে এবার উঠেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি। এর আগে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের হাতেও বাংলাদেশের জার্সি তুলে দেওয়া হয়েছিল। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ব্রাজিলপ্রবাসী বাংলাদেশি শাহনুর রুমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনিহো। সাক্ষাৎকালে শাহনুর রুমেন বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরেন।

আলাপচারিতার একপর্যায়ে তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সি রোনালদিনিহোর হাতে উপহার হিসেবে তুলে দেন। বিশ্বের এক প্রান্তের ছোট্ট দেশ বাংলাদেশের মানুষ কীভাবে ব্রাজিলের ফুটবল সংস্কৃতির সঙ্গে আবেগের বন্ধনে জড়িয়ে আছে, সেই বিষয়টিও তুলে ধরা হয় এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে।

আরও পড়ুন
RONALDO

জাতীয় দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন রোনালদো

শুধু রোনালদিনিহোই নন, এর আগে ব্রাজিলের সুপারস্টার নেইমারের হাতেও বাংলাদেশের জার্সি তুলে দিয়েছেন শাহনুর রুমেন। দীর্ঘদিন ধরে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবল ও ফুটবলপ্রেমীদের পরিচিত করে তুলতে কাজ করে যাচ্ছেন।

এছাড়া বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও সমর্থনের কথা তিনি পৌঁছে দিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)-এর কর্মকর্তাদের কাছেও। 

ফুটবলপ্রেমীরা মনে করছেন, বিশ্ব ফুটবলের তারকাদের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার এমন উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ফুটবলের পরিচিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরটিভি/এসকে