মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৮:০২ পিএম
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের ড্রাফটে নিবন্ধন করেছিলেন ৪৮ বাংলাদেশি ক্রিকেটার। তবে দল পেয়েছেন মাত্র দুজন—মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
এর আগে সরাসরি চুক্তিতে দল পান আরো তিন বাংলাদেশি—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। সব মিলিয়ে পাঁচ বাংলাদেশি খেলবেন এবারের এলপিএলে।
অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিনকে সতীর্থ হিসেবে দেখা যাবে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে।
এ ছাড়া পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে কলম্বো ক্যাপস। এলপিএলের আগে ও পরে কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলার কথা হাসানের।
এলপিএলের অন্য দুই দল ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি রয়্যালস কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেনি।
এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ১৭ জুলাই, ফাইনাল ৮ আগস্ট। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই তাসকিন, লিটন, মিরাজ ও হাসান এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন।
তবে রাজনৈতিক কারণে সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, তাই এলপিএলের শুরু থেকেই তাকে পাবে জাফনা কিংস।
আরটিভি/এসআর