মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১০:৫০ পিএম
চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। টানা তৃতীয় ফাইনালের টিকিট পেতে আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। তবে এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছেন স্কোয়াডের সবচেয়ে সিনিয়র ফুটবলার শিউলি আজিম।
মঙ্গলবার (২ জুন) সকালে শিউলি আজিমের মা বাসনা আজিম না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তাই দলের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করা হয়। সতীর্থ ও কোচিং স্টাফরা এই কঠিন সময়ে শিউলি আজিমের পাশে দাঁড়িয়েছেন।
সেই সঙ্গে শিউলি আজিমের শোককে শক্তিতে রূপান্ত করার ঘোষণা দিয়েছেন কোচ পিটার বাটলার। তিনি বলেন, আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা।
‘শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’
বাংলাদেশ দল নিয়মিত অনুশীলনেই ছিল এতদিন। আজ খানিকটা বিশ্রাম পাওয়াকে কিছুটা ইতিবাচক হিসেবেই দেখতে চান বাটলার।
তার ভাষ্য, আজ আমরা ফুটবলে একটা কিক দিইনি ঠিকই, তবে আমার মনে হয় না, এটা আমাদের জন্য কোনো অসুবিধা তৈরি করবে। এই বিরতিটা সবাইকে কিছুটা সময় দিয়েছে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ভাবার এবং উপলব্ধি করার যে, জীবন কখনও কখনও কতটা ছোট এবং নিষ্ঠুর হতে পারে।
তিনি বলেন, আমি মেয়েদের ঠিক এটাই বলছিলাম যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি, সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখানোর সক্ষমতা রাখে।
আরটিভি/এসআর