মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১১:৩৮ পিএম
আর মাত্র ৯ দিন পর শুরু হবে বিশ্বকাপ। তার আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর দিলেন এমিলিয়ানো মার্তিনেজ। বাম হাতের আঙুলে চোট থাকলেও জাতীয় দলের প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনার প্রথম অনুশীলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন মার্তিনেজ। ছবিতে তার বাঁ হাত ব্যান্ডেজ অবস্থায় দেখা যায়। ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় আঙুলে চিড় ধরেছিল অ্যাস্টন ভিলার এই গোলরক্ষকের।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মার্তিনেজ লিখেছেন, প্রথম দিন, অনেক উৎসাহ নিয়ে। সবকিছু করতে পারছি না বলে খারাপ লাগছে। তবে বন্ধুদের সঙ্গে এবং দেশের জন্য একসঙ্গে থাকতে পেরে আনন্দিত।
পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, পায়ে বল নিয়ন্ত্রণ করছেন তিনি। তবে চোট পাওয়া হাতটি ব্যবহার করতে পারছেন না। অনামিকা ও কনিষ্ঠ আঙুলের অংশ বিশেষভাবে ব্যান্ডেজে মোড়ানো ছিল।
লিওনেল স্কালোনির দলের বেশ কয়েকজন ফুটবলারই ছোটখাটো চোট নিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন। তাদের মতো মার্তিনেজও পূর্ণমাত্রায় অনুশীলন করেননি। তবে আর্জেন্টিনা দলের মেডিকেল স্টাফের আশা, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচেই গোলবারের নিচে দেখা যাবে মার্তিনেজকে। তবে কোনো ঝুঁকি নিতে চায় না দল। তাই বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হবে না।
আরটিভি/এমএম