বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৮:২১ এএম
আফ্রিকাজুড়ে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইবোলা-আক্রান্ত দেশ ডিআর কঙ্গোর সঙ্গে চিলির প্রীতি ম্যাচ বাতিল করেছে স্পেনের স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলের লা লিনিয়া দে লা কনসেপসিওনে ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানান, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে ফ্রাঙ্কো বলেন, ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে আমি সই করেছি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে এবং ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, চিলি ফুটবল কর্তৃপক্ষ রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রশাসন ঝুঁকি নিতে রাজি হয়নি।
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ডিআর কঙ্গো। সে সময় দেশটি ‘জায়ারে’ নামে বিশ্বমঞ্চে খেলেছিল। তবে ইবোলা পরিস্থিতির কারণে বিশ্বকাপ প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে। এর আগে দেশের পূর্বাঞ্চলে মহামারির প্রকোপের কারণে মে মাসে নির্ধারিত তিন দিনের প্রশিক্ষণ ক্যাম্প এবং রাজধানী কিনশাসায় আয়োজিত বিদায় সংবর্ধনা বাতিল করা হয়।
এদিকে বিশ্বকাপ উপলক্ষে গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ডিআর কঙ্গো দলকে ২১ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে।
তিনি বলেন, আমরা ডিআর কঙ্গোকে স্পষ্টভাবে জানিয়েছি যে ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে পারে। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সীমান্তের কাছাকাছিও পৌঁছাতে না দেওয়া।
ইবোলা আতঙ্কে আন্তর্জাতিক ফুটবলেও প্রভাব পড়তে শুরু করেছে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ও আন্তর্জাতিক সূচি এখন স্বাস্থ্য পরিস্থিতির ওপরই অনেকটা নির্ভর করছে।
আরটিভি/এসকে