images

খেলা / ফুটবল

বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০২:৪৩ পিএম

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৌদি সমর্থকদের বিনামূল্যে ম্যাচের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা সৌদি জাতীয় দলের সমর্থকরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য একটি করে ফ্রি টিকিট পাবেন। এর মাধ্যমে স্টেডিয়ামে সৌদি সমর্থকদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সৌদি আরবের দূতাবাস এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে। এই উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা সৌদি জাতীয় দলের সমর্থকদের জন্য ফ্রি টিকিট দেওয়া হবে। আমরা আমাদের জাতীয় দলকে শুভকামনা জানাই, যারা দেশের গর্ব ও আবেগ নিয়ে মাঠে নামবে।

এদিকে, বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য এবং সম্ভাব্য কম দর্শক উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন ম্যাচের টিকিটের দাম কয়েক হাজার ডলার পর্যন্ত পৌঁছালেও অনেক আসন ফাঁকা থাকার আশঙ্কা রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

জানা গেছে, এর আগেও দর্শক উপস্থিতি বাড়াতে কিছু প্রতিযোগিতায় বিনামূল্যে টিকিট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষ করে ক্লাব বিশ্বকাপের কিছু ম্যাচে দর্শক টানতে ফ্রি টিকিট দেওয়ার নজির রয়েছে।

আরও পড়ুন
HIGH-COURT_20260602_125633437

বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

ক্রীড়া বিশ্লেষকদের মতে, স্টেডিয়ামে দর্শক সংকটের সম্ভাবনা এবং টিকিট বিক্রি নিয়ে উদ্বেগ থেকেই আয়োজক ও সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন ধরনের প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ফিফার টিকিট বিক্রয় নীতি নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানা গেছে।

বিশ্বকাপ ঘিরে সৌদি আরবের এই উদ্যোগ সমর্থকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, বিনামূল্যে টিকিট বিতরণের এই সিদ্ধান্ত মাঠে দর্শক উপস্থিতি কতটা বাড়াতে সক্ষম হয়।


আরটিভি/এসকে