images

খেলা / ফুটবল

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে যারা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৬:২০ পিএম

ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষ হওয়ার পর আসন্ন ব্যালন ডি’অরকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের সর্বশেষ পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী, বর্তমানে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন হ্যারি কেইন।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেইন ৬৫ গোল করে বায়ার্ন মিউনিখের একাধিক শিরোপা জিততে সহায়তা করেছেন। বুন্দেসলিগার পাশাপাশি ডিএফবি পোকাল ও ডিএফএল সুপার কাপ জয়ের মাধ্যমে দীর্ঘদিনের ‘ট্রফিহীন’ তকমাও ঘুচিয়েছেন তিনি। ফলে ব্যালন ডি’অরের বর্তমান রেসে তাকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছেন উসমান দেম্বেলে। মৌসুমের শুরুতে ইনজুরিতে ভুগলেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন এই ফরাসি তারকা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার পারফরম্যান্স এবং ফাইনালে গোল করার ঘটনা তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। পিএসজির সাফল্যেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

তৃতীয় স্থানে আছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা মৌসুমে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন। তবে ইনজুরির কারণে বিশ্বকাপের শুরুর কিছু ম্যাচ মিস করার আশঙ্কা তার ব্যালন ডি’অর সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চতুর্থ স্থানে রয়েছেন ভিতিনহা। পিএসজির মিডফিল্ডে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে পঞ্চম স্থানে আছেন বায়ার্নের মাইকেল ওলিসে, যিনি ২৩ গোল ও ৩৩ অ্যাসিস্ট করে ইউরোপের অন্যতম আলোচিত ফুটবলার হয়ে উঠেছেন। 

ষষ্ঠ স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুমে ৪৮ গোল করলেও বড় কোনো শিরোপা না পাওয়ায় ব্যালন ডি’অর দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি। তবে বড় ম্যাচে পারফরম্যান্স এবং বিশ্বমঞ্চে তার অভিজ্ঞতা এখনো তাকে প্রতিযোগিতায় ধরে রেখেছে। 

এদিকে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে লিওনেল মেসির উপস্থিতি। ইউরোপীয় ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে খেললেও তিনি ৩৬ গোল ও ২৬ অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জিতিয়েছেন। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বড় কোনো সাফল্য অর্জন করতে পারলে রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আয়োজকদের মতে, এবার ব্যালন ডি’অর নির্ধারণে শুধু ইউরোপীয় ক্লাব ফুটবলের পারফরম্যান্স নয়, বিশ্বকাপ এবং আফ্রিকান কাপ অব নেশনসের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন
ROBIN

পারফর্ম করেও জিম্বাবুয়ের বিপক্ষে দলে জায়গা হয়নি রবিনের

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দীর্ঘদিন প্যারিসে আয়োজনের পর এবার প্রথমবারের মতো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লন্ডনে। ১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এই পুরস্কার চালু করে। প্রথম বিজয়ী ছিলেন স্ট্যানলি ম্যাথিউজ। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের আয়োজন লন্ডনে নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

নতুন প্রজন্মের তারকাদের উত্থান এবং মেসি-রোনালদো যুগের পরবর্তী প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে এবারের ব্যালন ডি’অর আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

আরটিভি/এসকে