বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:২৪ পিএম
এডিনবরায় বৃষ্টির কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি নেমে আসে ৮ ওভারে। এমন সংক্ষিপ্ত ম্যাচে দ্রুত রান তোলার চাপের মধ্যেই দারুণ ব্যাটিং করেন বাংলাদেশের দিলারা আক্তার।
মাত্র ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ২টি ছক্কা ও ৮টি চার। এই ইনিংসের মাধ্যমে দিলারা আক্তার এখন বাংলাদেশের নারী ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ডধারী। তিনি ফিফটি পূর্ণ করেন ২২ বলে।
এর আগে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল রুমানা আহমেদের, যিনি ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করেছিলেন।
দিলারার এই ইনিংসের পাশাপাশি বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯৮ রান। তার সঙ্গে ১৩ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। সোবহানা মোস্তারি ১১, নিগার সুলতানা জ্যোতি ৯ এবং স্বর্ণা আক্তার করেন ৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে তারা ৪.৩ ওভারে তোলে ৫২ রান। তবে হিদার সিয়েজার্স (২১) ও স্কিপার ডি লিডি (৩০) দ্রুত আউট হলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। দুজনকেই আউট করেন ফারিহা তৃষ্ণা।
পরে নেদারল্যান্ডসের হয়ে রবিন রিজকে ২১ এবং ফ্রেদেরিক ওভারডাইক ৯ রান করেন। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা নেন ২ উইকেট, আর রিতু মনি নেন আরও ২টি উইকেট।
শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৮৫ রানে আটকে দিয়ে ১৩ রানে জয় পায় বাংলাদেশ।
আরটিভি/এসকে