শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৪:১৩ পিএম
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচে শুক্রবার(৫জুন) রাত ১১টায় লাল-সবুজের দলের প্রতিপক্ষ ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান মারিনো।
ম্যাচটি দুই দলের জন্যই বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের জন্য এটি ইউরোপে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, আর সান মারিনোর ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা। সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮১তম, যেখানে সান মারিনো রয়েছে ২১১তম স্থানে। র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে থাকলেও মাঠের লড়াই সহজ হবে না বাংলাদেশের জন্য।
ইউরোপিয়ান পরিবেশ, দীর্ঘ সফর এবং সীমিত প্রস্তুতির কারণে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দীর্ঘ ভ্রমণের পর দলটি মাত্র দুটি অনুশীলন সেশন করার সুযোগ পেয়েছে। নতুন প্রধান কোচ টমাস ডুলি-এর অধীনে এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে দলের নতুন যাত্রা। পাশাপাশি প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির অধীনে খেলবে বাংলাদেশ জাতীয় দল।
সাম্প্রতিক সময়ে সান মারিনো তাদের ফুটবল ইতিহাসের অন্যতম সফল সময় পার করছে। ২০২৪ সালে লিখটেনস্টাইন-কে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম প্রতিযোগিতামূলক জয় তুলে নেয় দলটি। পরে একই প্রতিপক্ষকে আবার পরাজিত করে প্রথম অ্যাওয়ে জয়ের স্বাদও পায় তারা। দীর্ঘদিন ইউরোপের দুর্বলতম দলগুলোর একটি হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত দিয়েছে সান মারিনো।
বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বে নিয়মিত অংশগ্রহণের সুবাদে ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। যদিও বেশিরভাগ ম্যাচেই হারতে হয়েছে, তবুও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা সান মারিনোর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ম্যাচটি অনুষ্ঠিত হবে সেরাভালের স্টেডিয়ামে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিশেষ করে ইতালি থেকে বিপুলসংখ্যক বাংলাদেশি সমর্থক খেলা দেখতে সান মারিনোতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ছোট আকারের স্টেডিয়ামটির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
দেশের ফুটবলপ্রেমীরাও ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন। বাংলাদেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।
আরটিভি/এসকে