images

খেলা / ফুটবল

টিকিট বিক্রিতে ফিফার ভুলে বিপাকে দর্শকরা

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৮:২৪ পিএম

ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা, তখন টিকিট বিতরণে ফিফার একটি প্রযুক্তিগত ভুল নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ঘটনায় জানা গেছে, ফিফার টিকিট বিক্রির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণে প্রায় ৬০ জন ফুটবলপ্রেমী ভুলবশত বিশ্বকাপের টিকিট বিনামূল্যে পেয়ে যান। আকস্মিক এই সুযোগে তারা শুরুতে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

পরে ফিফা জানায়, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ ছিল না। এটি ছিল সম্পূর্ণ একটি সিস্টেম ত্রুটি। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ৬০ জন গ্রাহককে ই-মেইলের মাধ্যমে জানানো হয় যে, তাদেরকে সাত দিনের মধ্যে টিকিটের পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের টিকিট বাতিল করা হবে।

৩ জুন পাঠানো ওই ই-মেইলে ফিফা আরও জানায়, নির্ধারিত সময় পর্যন্ত টিকিটগুলো সাময়িকভাবে সংরক্ষিত থাকবে।

জানা যায়, শুরুতে বিষয়টি ফিফার নজরে আসেনি। নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করে টিকিট কেনা কয়েকজন সমর্থকের অভিযোগের পরই সমস্যাটি ধরা পড়ে। পরে তদন্তে প্রযুক্তিগত ত্রুটির সত্যতা পাওয়ার পর সংস্থাটি নতুন নির্দেশনা জারি করে।

ঘটনার পর ফিফার টিকিট ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কীভাবে এমন ভুল হতে পারে।

আরও পড়ুন
THOMAS-MULLER

ভেঙে গেল থমাস মুলারের দুই দশকের সংসার, হতবাক ফুটবল বিশ্ব

এর আগে বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্য নিয়েও ফিফা বিতর্কে জড়িয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি খ্যাতিমান কোচ পেপ গার্দিওলাসহ ফুটবল অঙ্গনের অনেকেই টিকিটের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এ ঘটনায় এখন নতুন করে ফিফার স্বচ্ছতা ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরটিভি/এসকে