images

খেলা / টেনিস

সেমিফাইনাল না খেলেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ফ্লাভিও কোবোলি

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১২:৫৫ পিএম

ফ্রেঞ্চ ওপেনে বিরল এক ঘটনার জন্ম হয়েছে। গ্র্যান্ড স্লামের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে দুই ইতালিয়ান টেনিস খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়নি। অসুস্থতার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান মাতেও আরনালদি। ফলে কোর্টে না নেমেই ফাইনালে জায়গা করে নিয়েছেন তার প্রতিপক্ষ ফ্লাভিও কোবোলি।

রোববারের(৭জুন) ফাইনালে কোবোলির প্রতিপক্ষ জার্মান তারকা আলেকসান্দার জভেরভ। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন আরনালদি। সেমিফাইনাল শুরুর মাত্র ২০ মিনিট আগে তিনি নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। এরপর আরনালদি ও কোবোলি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংক্রমণের ঝুঁকি এড়াতে তারা টেবিলের দুই প্রান্তে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

২৫ বছর বয়সী আরনালদি জানান, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত প্রায় একটার দিকে তীব্র পেটব্যথা নিয়ে ঘুম ভাঙে তার। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন।

আরনালদি বলেন, আমি চেষ্টা করেছিলাম কোর্টে নামতে পারি কি না। কিন্তু যতবার উঠে দাঁড়াচ্ছি, ততবারই মাথা ঘুরছে। তাই এটাই সঠিক সিদ্ধান্ত ছিল।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১০৪ নম্বরে থাকা আরনালদি এর আগে কখনো কোনো গ্র্যান্ড স্লামে চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি। এবারই প্রথম সেমিফাইনালে উঠে আলোচনায় আসেন তিনি। তবে অসুস্থতা তার স্বপ্নযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন
RMN

বিশ্বকাপের আগে এক রাতেই মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

অন্যদিকে, ম্যাচ না খেলেই ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছে গেলেন ফ্লাভিও কোবোলি। এখন ফাইনালে আলেকসান্দার জভেরভকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন ইতালির এই টেনিস তারকা।

আরটিভি/এসকে