শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৩:৫৮ পিএম
বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। বাংলাদেশ সময় রোববার (৭ জুন) সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
তবে এই ম্যাচে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইনজুরির কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার মাঠের বাইরে থাকছেন। সবচেয়ে বড় খবর, অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে খেলছেন না।
ম্যাচের আগে শনিবার(৬জুন) শেষ অনুশীলন সেশন সম্পন্ন করেছে আর্জেন্টিনা। সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুশীলন করেন খেলোয়াড়রা। মেসি দলের সঙ্গে অনুশীলনে অংশ নিলেও তাকে ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
মেসির শারীরিক অবস্থা নিয়ে স্কালোনি বলেন, সে ভালোভাবে উন্নতি করছে, একেবারে আলাদা হয়ে থাকতে হচ্ছে না তাকে।
অনুশীলনে আলাদা সেশন করেছেন নিকো পাজ, গঞ্জালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনা। অন্যদিকে মাঠে দেখা যায়নি জুলিয়ান আলভারেজ ও লিয়ান্দ্রো পারেদেসকে।
গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপারদের সঙ্গে অনুশীলন করলেও হাতে গ্লাভস ছিল না। আঙুলের চোটের কারণে তিনি এই প্রীতি ম্যাচসহ প্রস্তুতি পর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না।
সম্ভাব্য একাদশে জায়গা পাচ্ছেন জিওভানি লো সেলসো। এছাড়া অগাস্তিন গিয়াই ও হুয়ান মুসোকে শুরুর একাদশে দেখা যেতে পারে। আক্রমণভাগে জিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদাকে নিয়ে পরিকল্পনা করছেন স্কালোনি।
মেসি না থাকলেও ম্যাচটি ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ কমেনি। বিশ্বচ্যাম্পিয়নদের নতুন মুখ ও কৌশল দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস এবং ইএসপিএন দিপোর্তেস।
আরটিভি/এসকে