রোববার, ০৭ জুন ২০২৬ , ০৪:২৫ পিএম
বিশ্বকাপের মিশন শুরু আগে প্রথম ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তারপরও ২-০ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার (৭ জুন) লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলটি করেন গিউলিয়ানো সিমিওনে। ১০ জুন তারা শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।
আর্জেন্টিনা প্রথম বড় সুযোগ তৈরি করেছিল ম্যাচের ১১ মিনিটে। সিমিওনের বানিয়ে দেওয়া বলে গোলপোস্টের কাছে থেকে হেড করেছিলেন মার্টিনেজ। হন্ডুরাস গোলরক্ষক নিরাপদে বল তালুবন্দি করেন।
মার্টিনেজ কিছুক্ষণ পর আবার সুযোগ পেয়েছিলেন, প্রথম শট ব্লক হয়ে যাওয়ার পর তালগোল পাকিয়ে ফেলায় পরে আর শট নিতে পারেননি তিনি। অবশেষে এই মার্টিনেজই ম্যাচের ডেডলক ভাঙেন। ৩৪ মিনিটে নিকোলাস ত্যাগলিয়াফিকো হন্ডুরাসের ডি বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন।
মার্টিনেজের নেওয়া শট ফেরাতে হন্ডুরাস গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি। আর্জেন্টিনার পরের গোলটি দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায়। ডি বক্সের ভেতর মার্টিনেজের ব্যাকপাস থেকে গোল করেন সিমিওনে।
আরটিভি/এসআর