images

খেলা / ফুটবল

বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার, শঙ্কায় আরও তিন

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৫:১৮ পিএম

বিশ্বকাপের আর মাত্র তিন বাকি, এর আগে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লেওনার্দো বালের্দি। এ ছাড়াও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছে আরও ৩ ফুটবলার। সবমিলিয়ে মহা বিপদে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

শনিবার (৬ জুন) চোটের কারণে বালের্দির বাদ পড়ার খবর নিশ্চিত করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু বালের্দির বদলি নিতে সময়ই নিচ্ছেন লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, বালের্দি তো ছিটকে পড়েছেনই, বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন আরও কয়েকজন খেলোয়াড়। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, অন্তত তিনজন খেলোয়াড় চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন।

আরও পড়ুন
7

বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি, জিতল টানা নবম ম্যাচ

বিশ্বকাপ লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা আজ হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে। লাওতারো মার্তিনেজ ও গিলিয়ানো সিমিওনের গোলে জয় এসেছে ২-০ ব্যবধানে। 

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচের কাছে বালের্দির পরিবর্তে কাউকে নেওয়া হয়েছে কি না জিজ্ঞাসা করেন এক সাংবাদিক।

জবাবে স্কালোনি বলেন, আমাদের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নয়। আর সিদ্ধান্তটা হয়তো শুধু একজন সেন্টার-ব্যাককে ঘিরেই হবে না। আমাদের সামনে আরও একটি ম্যাচ আছে, এরপর আমরা সিদ্ধান্তে পৌঁছাব। একজন খেলোয়াড়ের পরিস্থিতি আমাদের আরও কয়েকজনের অবস্থা মূল্যায়ন করতে বাধ্য করছে। অন্যদের শারীরিক অবস্থা না দেখে আগামী মঙ্গলবারের আগে আমরা কোনো সিদ্ধান্ত নেব না।

মঙ্গলবার বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এই মুহূর্তে চোট নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রা পারেদেসকে নিয়ে। 

মন্তিয়েল ও মলিনা পেশির সমস্যায় ভুগছেন। একই পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ কারণেই প্রীতি ম্যাচগুলোর জন্য স্কালোনি আগুস্তিন গিয়াই ও নিকোলাস কাপালদোকে দলে ডেকেছেন। 

অন্যদিকে বোকা জুনিয়র্সের মিডফিল্ডার পারেদেস সর্বশেষ ম্যাচে সামান্য পেশি ছিঁড়ে যাওয়ার চোটে পড়েছিলেন। তার সেরে ওঠার গতি ধীর। তিনি এখনো স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি।

বাকি যে তিনজন বেঞ্চে ছিলেন না, তাদের মধ্যে আছেন হুলিয়ান আলভারেজ। আতলেতিকো ফরোয়ার্ডের গোড়ালিতে প্রদাহ আছে, তবে তার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় নেই। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট সেরে গেছে।

আলজেরিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচেই গোলপোস্টের নিচে দাঁড়ানোর কথা তার। এ ছাড়া নিকোলাস পাজ ইতালির ক্লাব কোমোর হয়ে মৌসুমের শেষ দিকে বাঁ হাঁটুতে আঘাত পাওয়ার কারণে সমস্যায় ছিলেন। হন্ডুরাস ম্যাচের পর তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

উল্লেখ্য, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া (২২ জুন) ও জর্ডান (২৭ জুন)।

আরটিভি/এসআর