রোববার, ০৭ জুন ২০২৬ , ০৯:৩২ পিএম
ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে মিশরের বিপক্ষে খেলা হয়নি নেইমার জুনিয়রের। তবে বিশ্বকাপ মাতাতে মরিয়া এই ব্রাজিলিয়ান পোস্টারবয়। তাই বিশ্বকাপের আগে নতুন লুকে হাজির হচ্ছেন তিনি।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিজের চুলের স্টাইলে এক চটকদার পরিবর্তন এনেছেন এই ব্রাজিলিয়ান তারকা। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন।
সেখানেই দেখা মেলে ব্রাজিলের এই ‘পোস্টার বয়’-এর নতুন রূপের। ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড এবার এমন একটি হেয়ারস্টাইল বেছে নিয়েছেন, যা তার ২০১৮ সালের চেনা রূপকে মনে করিয়ে দেয়।
তখন পিএসজিতে খেলার সময় যেমন চুলে হালকা সোনালি (ব্লন্ড) রং করেছিলেন, এবারও ঠিক তেমনই এক চকমকে আবহ। যেন চুলের সাজে পুরোনো সেই সোনালি দিনগুলোকেই ফিরিয়ে আনার এক চঞ্চল প্রয়াস! নেইমারের এই নতুন রূপের সঙ্গে তার জন্য শুভকামনা জানিয়েছেন সেই হেয়ার স্টাইলিস্ট।
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, সুন্দর চুল শুধু বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়। এর পেছনে রয়েছে যত্ন, চুলের স্বাস্থ্য রক্ষা, অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং এমন একটি বিশেষ প্রোটোকল, যা চুলকে শক্তিশালী, সুস্থ ও বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত রাখে। আরেকবার বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত।
তিনি আরও লেখেন, সৃষ্টিকর্তা তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করুন, কঠিন সময়ে শক্তি দিন এবং মাঠের ভেতরে ও বাইরে তোমার প্রতিভাকে আরও সমৃদ্ধ করুন
আরটিভি/এসআর