সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৮:৩৮ এএম
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। শেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ওয়েসলি।
রোববার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ফুটবল কনফেডারেশন সিবিএফ জানায়, মিশরের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের। ম্যাচের পর করা এমআরআই পরীক্ষায় তার বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়ে।
ওয়েসলির পরিবর্তে দলে ডাকা হয়েছে এদারসনকে। সিবিএফ জানিয়েছে, তিনি সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রের Fক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ফার্স্টএনার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় ব্রাজিল। তবে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওয়েসলি। গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেওয়া এই ডিফেন্ডার সাম্প্রতিক সময়ে দলের প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
চোট পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন ওয়েসলি। মাঠ ছাড়ার সময় তাকে কান্না করতে দেখা যায়। ডাগআউটে বসেও হতাশায় মাথায় হাত দিয়ে থাকতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগের সময়ও তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ওয়েসলির গুরুত্ব তুলে ধরে বলেন, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময় নিজের সর্বোচ্চটা দেয় এবং পুরো শক্তি দিয়ে খেলে। ইতালিতে যাওয়ার পর সে নিজের দুর্বলতাগুলোও অনেকটাই কাটিয়ে উঠেছে।
বিশ্বকাপের আগে ওয়েসলির ছিটকে যাওয়া ব্রাজিলের রক্ষণভাগে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন তার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার বিষয়।
সূত্র: রয়টার্স
আরটিভি/এসকে